২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদের ছুটিতে চট্টগ্রাম নগরীতে বিশেষ নিরাপত্তা

ঈদ-উল-ফিতরের ছুটিতে বন্দর নগরী চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ বিশেষ সতর্কাবস্থায় থাকবে বলে জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।  

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2015, 07:29 PM

Updated : 22 Aug 2022, 12:47 PM

বুধবার সরকারি ছুটি, বৃহস্পতিবার অফিস খোলা থাকলেও শুক্রবার থেকে তিন দিনের ছুটি শুরু হচ্ছে। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন করতে ইতোমধ্যেই নগরী ছাড়তে শুরু করেছেন অনেকেই।  

নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) দেবদাস ভট্টাচার্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঈদের ছুটিতে যে কোনো ধরনের চুরি-ডাকাতি রোধে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। 

ঈদের দিন নগরীর উল্লেখযোগ্য ৩৪টি বড় ঈদ জামাতে পুলিশ মোতায়েন করা হবে বলে জানান তিনি।

ব্যাংকগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে বলেও জানান দেবদাস ভট্টাচার্য্য।

এছাড়া বৃহস্পতিবার (১৭ জুলাই) থেকে মঙ্গলবার (২১ জুলাই) পর্যন্ত নগরীর প্রত্যেকটি আবাসিক ও বাণিজ্যিক এলাকাগুলোতে টহল বাড়াতে থানাগুলোকে নির্দেশনা দেয়া হয়েছে বলেও জানান তিনি।

নগর পুলিশের হিসেব মতে চট্টগ্রামে সর্বাধিক ৭৪টি আবাসিক এলাকা আছে বায়েজিদ বোস্তামি থানা এলাকায়।

এছাড়া আকবর শাহ থানায় ২৩টি, খুলশী থানায় ২২টি, পাঁচলাইশে ১৭টি, ডবলমুরিংয়ে ১৫, চকবাজারে আটটি, পতেঙ্গা, চান্দগাঁও ও পাহাড়তলীতে সাতটি করে, হালিশহরে পাঁচটি, বাকলিয়া, কর্ণফূলী, ইপিজেড ও সদরঘাট থানায় চারটি, বন্দর থানায় তিনটি ও কোতোয়ালী থানায় একটি করে আবাসিক এলাকা রয়েছে।

“ঈদের ছুটিতে নগরীর নিরাপত্তা জোরদারে থানা পুলিশের বাইরে অতিরিক্ত আরও তিন থেকে চারশ পুলিশ ফোর্স মোতায়েন থাকবে। এছাড়া নগরীর গুরুত্বপূর্ণ স্থাপনা (কেপিআই)  ও বিনোদন কেন্দ্রগুলোতে নজরদারির পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।”

ঈদে নগরীর বিনোদন কেন্দ্রগুলোতে পুলিশের পক্ষ থেকে বিশেষ সর্তকাবস্থা নেয়া হয়েছে বলে জানান টুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. মুসলিম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “বন্দর নগরীর পতেঙ্গা, পারকি সমুদ্র সৈকত ও ফয়’স লেক এই তিনটি বিনোদন কেন্দ্রকে টুরিস্ট পুলিশের অধীনে রাখা হয়েছে।”  

এই তিনটি বিনোদন কেন্দ্রে নগর পুলিশের সঙ্গে সমন্বয় করে টুরিস্ট পুলিশও মোতায়েন করা হবে বলে জানান অতিরিক্ত ডিআইজি।