২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাগরে প্রায় ৩ লাখ ইয়াবাসহ পাঁচ মাঝি-মাল্লা আটক

কক্সবাজারের কলাতলী সমুদ্র সৈকতে একটি মাছধরা ট্রলার থেকে প্রায় ১১ কোটি টাকার নেশার বড়ি ইয়াবাসহ পাঁচজন মাঝি-মাল্লাকে আটক করেছে র‌্যাব।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2015, 03:21 PM

Updated : 22 Aug 2022, 12:47 PM

সোমবার রাত ১টার দিকে বঙ্গোপসাগরের গভীর এলাকায় অভিযান  চালিয়ে তাদের আটক করা হয় বলে র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের সহ-অধিনায়ক এএসপি শরাফত হোসেন জানান।

এসময় তাদের কাছ থেকে ২ লাখ ৭০ হাজার ইয়াবা পাওয়া গেছে, তাদের ট্রলারটিও জব্দ করা হয়েছে বলেও ওই র‌্যাব কর্মকর্তা জানান।

আটকরা হলেন- মোহাম্মদ সিরাজ (৪৮), মফিজুল ইসলাম (৪৪), আবদুর রহিম (৪০), মাহমুদ হোসেন (৪৫) এবং আবদুল গফুর (৩৩)।

সবার বাড়ি চট্টগ্রামের আনোয়ারা উপজেলার গহিরা এলাকায়।

এএসপি শরাফত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মিয়ানমার থেকে আসা একটি ট্রলার যোগে একটি ইয়াবা চালান আসছে এমন গোপন সংবাদ আগে থেকেই তাদের কাছে ছিল।

“এর প্রেক্ষিতে র‌্যাব সদস্যরা সাগরে অবস্থান নিয়ে ট্রলারটিকে ধাওয়া করে। এসময় ১০ কোটি ৮০ লাখ টাকা মূল্যের ২ লাখ ৭০ হাজার ইয়াবাসহ ওই পাঁচ মাঝি-মাল্লাকে আটক করা হয়। জব্দ করা হয় ট্রলারটি।”

এ ঘটনায় মামলা করে আটকদের কক্সবাজার সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে জানিয়ে এএসপি শরাফত বলেন, “এসব নেশার বড়ি পাচারের নেপথ্যে একটি সংঘবদ্ধ ‘গডফাদার’ চক্র রয়েছে। পুলিশ তদন্ত করে বের করবে কারা এর পেছনে জড়িত।”