ঈদ নেই ৭ হাজার নন এমপিও শিক্ষকের
গোপালগঞ্জে সাত হাজার নন এমপিও শিক্ষকের ঘরে ঈদের আনন্দ নেই।
নজরুল ইসলাম নামে নন এমপিওভূক্ত এক শিক্ষক বলেন, চাকরিতে যোগদানের পর সামান্য সম্মানী ছাড়া কিছুই পাই না। তাই সারা বছরই ছেলেমেয়ে নিয়ে অভাব অনটনের মধ্যে কাটাতে হয়।
“প্রতিবারের ন্যায় এবারও ধারদেনা করে কোনমতে ঈদ উদযাপন করতে হবে।”
আরেক শিক্ষক জয়নাল সিকদার বলেন, “ঈদ এসেছে। নতুন জামা কাপড়, সেমাই, চিনি কিনতে হবে। কিন্তু হাতে কোন টাকা নেই।”
সরকার তাদের এমপিও ভুক্ত করলে দুশ্চিন্তা ও অনিশ্চয়তা থেকে মুক্তি পাওয়া যাবে বলে জানান তিনি।
এ জেলায় বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসায় সাত হাজার নন এমপিও শিক্ষক রয়েছেন বলে গোপালগঞ্জে নন এমপিও শিক্ষক কর্মচারি ফেডারেশনের থেকে জানানো হয়েছে।
কাশিয়ানী উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. জইন উদ্দিন বলেন, নন এমপিও শিক্ষক কর্মচারীরা শিক্ষা প্রতিষ্ঠানে কাজ করে নামমাত্র সম্মানী পান।
এ দিয়ে তাদের চলে না। পরিবার নিয়ে তাদের সারা বছরই অর্থ কষ্টে চলতে হয়।
নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অধ্যক্ষ মো. এশারত আলী বলেন, বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বাজেটে ব্যাপক বরাদ্দ দিয়েছে। বিনামূল্যে বই বিতরণ, শিক্ষকের সুবিধা,শিক্ষা প্রতিষ্টানের অবকাঠামো উন্নয়ন, মাল্টিমিডিয়া ক্লাস রুমসহ সব ধরনের কাজ করছেন।
নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারীরাও এমপিওভূক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের মতো কাজ করছেন, কিন্তু তারা কোন সুবিধা পাচ্ছে না। ”
