মানব পাচারে ‘জড়িত’ মিয়ানমারের নাগরিক গ্রেপ্তার
চট্টগ্রামে মানবপাচারের অভিযোগে মিয়ানমারের এক নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে, যিনি প্রাথমিক জিজ্ঞাসাবাদে মানবপাচারের বিষয়ে পুলিশের কাছে স্বীকারোক্তিও দিয়েছেন।
গ্রেপ্তার মো. জকরিয়া ওরফে পুতুইয়া (৩০) মিয়ানমারের নাগরিক হলেও ছোটবেলা থেকেই টেকনাফের ওয়াইখং উপজেলায় বসবাস করেন।
পুলিশ কর্মকর্তা ফয়জুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জকরিয়া পুলিশের তালিকাভুক্ত মানবপাচারকারী।
“জিজ্ঞাসাবাদে জকরিয়া জানান তার নিজস্ব একটি নৌকা (বোট) রয়েছে, যেটাতে করে তিনি অন্তত চার শতাধিক লোক পাচার করেছেন এবং প্রতিজনের জন্য ৫০০ থেকে এক হাজার টাকা করে নিয়েছেন।”
গোয়েন্দা কর্মকর্তা ফয়জুল আরও জানান, সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের করা মানব পাচারকারী তালিকার মতো নগর গোয়েন্দা পুলিশও একটি তালিকা তৈরি করেছে।
সে তালিকার কবির মাঝি নামে এক মানবপাচারকারীকে গ্রেপ্তারের জন্য অভিযান চালিয়ে জকরিয়াকে গ্রেপ্তার করা হয়।
