২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গরু আনতে গিয়ে ভারতে আটক ২২

নওগাঁর হাপানিয়া সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের দায়ে ২২ বাংলাদেশি রাখালকে আটক করেছে ভারতীয় পুলিশ।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2015, 05:55 PM

Updated : 22 Aug 2022, 12:46 PM

রোববার রাতে ভারতের পাকুয়াহাট তাদের আটকের পর জেলহাজতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেন ১৪ বিজিবি কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল রফিকুল হাসান।

আটক বাংলাদেশিরা হলেন, সাপাহার উপজেলার বিরামপুর গ্রামের হেলাল উদ্দিন (১৭), মতিলাল (১৪), ফকির (৩৫), দাউদ আলী (২১),বয়জুল হক(২৫), মনিরুল হক(৩৫), আব্দুল আওয়াল(১৮), ইসরাফিল আলম (২১)।

হাপানিয়া আদিবাসী পাড়ার শাহ্ আলম(১৬), অনিল কুমার (২০), দুলাল হোসেন(১৭), হরিমন (১৪), ছবিলাল (১৪), মাসুদ (২২), শাকির (১৬), হাবিল (১৮), ফারুক (২১) এবং হাপানিয়া শিয়ালমারী গ্রামের জাহাঙ্গীর আলম (৩২)।

এছাড়া অপর চার রাখালে পরিচয় পাওয়া জানাতে পারেনি বিজিবি।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার রাতে অর্ধশত রাখাল গরু আনার জন্য হাপানিয়া সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে।

রোববার ভোরে ২৮ জন রাখাল বাংলাদেশে ফিরলেও বাকিরা সেখানে রয়ে যান। রাতে মালদা জেলার পাকুয়াহাট এলাকা থেকে তাদের আটক করে পুলিশ।

ওই ২২ রাখাল বর্তমানে ভারতের মালদা জেলা কারাগারে রয়েছে বলে জানান ওই বিজিবি কর্মকর্তা।

রফিকুল হাসান বলেন, “বিএসএফ হাতে আটক হলে বিজিবির পক্ষ থেকে পতাকা বৈঠক করে বিষয়টি সমাধানের উদ্যোগ নেওয়া যেত। ভারতীয় পুলিশ তাদের আটক করায় এখন আমাদের সেই সুযোগ নেই।”

তবে, বিষয়টি স্বরাষ্ট্রমন্ত্রণালয়কে জানানো হয়েছে বলেও জানান তিনি।