রাষ্ট্রপতির সঙ্গে ডাচ রাষ্ট্রদূতের সাক্ষাৎ
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত গার্বেন ডি জং।
সোমবার বিকালে তিনি বঙ্গভবনে যান বলে জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাংলাদেশে সফলভাবে দায়িত্ব পালনের জন্য রাষ্ট্রপতি বিদায়ী রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান।
“রাষ্ট্রপতি এ সময় বলেন, বাংলাদেশ এবং নেদারল্যান্ডসের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের সম্পর্ক বৃদ্ধির সুযোগ রয়েছে। এই সম্পর্ক আরও এগিয়ে নিয়ে যেতে দুই দেশের মধ্যে ব্যবসায়ী প্রতিনিধি দলের সফর বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।”
বাংলাদেশ থেকে ওষুধ, সিরামিক ও পোশাক নেওয়ার জন্য ইউরোপের দেশটির প্রতি আহ্বান রাষ্ট্রপতি।
ইউরোপের যেসব দেশ বাংলাদেশকে প্রথম দিকে স্বীকৃতি দিয়েছিলো নেদারল্যান্ডস তাদের মধ্যে অন্যতম, যা উল্লেখ করে রাষ্ট্রপতি দেশটির সরকার ও জনগণকে রাষ্ট্রদূতের মাধ্যমে ধন্যবাদ জানান।
রাষ্ট্রপতি এসময় নেদারল্যান্ডসের সম্রাটকেও ধন্যবাদ জানান বলে জানান প্রেস সচিব।
প্রেস সচিব বলেন, বিদায়ী দূত তার দায়িত্ব পালনের সময় সার্বিক সহযোগিতার জন্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানান।
সামনের দিনগুলোতে দু’দেশের সম্পর্ক আবারও জোরদারের আশাও প্রকাশ করেন জি জং।
