২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহ সড়কে চার লেইনের সুফল আটকে দিচ্ছে গাজীপুরের ট্রাক স্ট্যান্ড

গাজীপুরে চান্দনা চৌরাস্তা মোড়ের উত্তর পাশে মহাসড়কের প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে থাকা একটি ট্রাক স্ট্যান্ড যানজটের ভোগান্তিতে ফেলছে ঢাকা-ময়মনসিংহ রুটে চলাচলকারী যাত্রীদের।

আবুল হোসেন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2015, 05:32 PM

Updated : 22 Aug 2022, 12:46 PM

‘তেলিপাড়া ট্রাকস্ট্যান্ড’ নামে পরিচিত ওই এলাকায় প্রতিদিন শত শত ট্রাক, পিক-আপ, লরি ও কভার্ড ভ্যান দাঁড়িয়ে থাকে। এই গাড়িগুলো থেকে মালামাল ওঠানো-নামানোর কারণে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

ঈদে ঘরমুখো মানুষের বাড়ি ফেরার মওসুমে মহাসড়কে দাঁড়িয়ে থাকা এসব ট্রাক ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা করছে আইন প্রয়োগকারী সংস্থা ও জনপ্রতিনিধিরা।

গাজীপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঈদকে সামনে রেখে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র ও ট্রাকস্ট্যান্ডের লোকজন নিয়ে কিছুদিন আগে বৈঠক হয়েছে। ঈদের পাঁচ-ছয়দিন আগে মহাসড়ক থেকে দাঁড়িয়ে থাকা ট্রাক সরিয়ে ফেলার সিদ্ধান্ত হয়েছে।

স্থায়ীভাবে ট্রাকস্ট্যান্ডটি সরানোর বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান তিনি।

এদিকে ট্রাকস্ট্যান্ড সরানোর আগে অন্য স্থানে গাড়িগুলোকে রাখার ব্যবস্থা করে দেওয়ার দাবি তুলেছেন পরিবহন মালিক, চালক, শ্রমিক এবং স্থানীয় ট্রাক-পিক-আপ-লরি অ্যাসোসিয়েশনের নেতারা।

গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র মো. আসাদুর রহমান কিরণ জানান, সিটি করপোরেশনের বাজেট সভায়ও তেলিপাড়া ও টঙ্গী ট্রাকস্ট্যান্ড অপসারণ নিয়ে আলোচনা হয়েছে।

“মহাসড়কের পাশ থেকে ওই ট্রাকস্ট্যান্ড দুটি না সরানো হলে যানজট রোধ করা যাবে না,” বলেন তিনি।

সরেজমিন ঘুরে দেখা যায়, তেলিপাড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুই পাশে শত শত ট্রাক, পিক-আপ, কভার্ডভ্যান, লেগুনা দাঁড়িয়ে আছে। সেখানে বালিবোঝাই ট্রাক দাঁড় করিয়ে বালি বিক্রি চলছে।

পিক-আপ, কভার্ড ভ্যান ও ট্রাক থেকে মালামাল ওঠানো-নামানোর পাশাপাশি গাড়িগুলো মহাসড়কে ঘুরতে গিয়ে থমকে দিচ্ছে মহাসড়কে গাড়ি চলাচল।

জামালপুরগামী শ্যামলী বাংলা পরিবহনের চালক আবু সাঈদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ময়মনসিংহ মহাসড়ক চার লেইনে উন্নীত করার ফলে এই এলাকার যানজটের ভোগান্তি কমলেও তেলিপাড়ার ট্রাকস্ট্যান্ড ও টঙ্গী ট্রাকস্ট্যান্ড কাঁটা হয়ে দাঁড়িয়েছে।

“ঈদে মহাসড়কে যাত্রীবাহী ও পণ্যবাহী গাড়ির চাপ বেড়ে যাবে। তাই ঈদের আগে এ ট্রাক স্ট্যান্ডটি না সরালে মহাভোগান্তিতে পড়তে হবে।”

চান্দনা এলাকার বাসিন্দা ময়মনসিংহ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা মো. রায়হান আহমেদ বলেন, “এক ঘণ্টায় ময়মনসিংহে পৌঁছানো সম্ভব হলেও ট্রাকস্ট্যান্ডগুলোর কারণে তা হচ্ছে না।”

গাজীপুর ট্রাক-পিকআপ-লরি ড্রাইভার অ্যাসোসিয়েশনের সদস্য মো. জাকির হোসেন জানান, সংসদ সদস্য প্রয়াত আহসান উল্লাহ মাস্টার ওই মহাসড়কের পাশে ১৯৯৬ সালে একটি ট্রাকস্ট্যান্ড স্থাপন করে দিয়েছিলেন।

“কিন্তু সম্প্রতি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কটি চার লেইনে উন্নীত করার ফলে ওই স্ট্যান্ডের জমি মহাসড়কের মধ্যে চলে আসে। ফলে ট্রাক, লরি, পিক-আপ ও কভার্ড ভ্যান চালকদের মহাসড়কের উপরই গাড়ি রাখতে হচ্ছে।”

গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মোহসীন জানান, ট্রাকস্ট্যান্ডের জন্য প্রায় বছরখানেক আগে ভোগড়া বাইপাস সড়ক এলাকায় সরকারি খাস জমি বাছাই করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে।