ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার এসআই রিমান্ডে
গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে টাকা ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার রাজধানীর কাফরুল থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলামকে ১০ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।
ছিনতাইয়ে ব্যবহৃত মাইক্রোবাস চালক লুৎফর রহমানকেও চার দিন পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন ঢাকা মহানগর হাকিম মারুফ হোসেন।
আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য রোববার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে ডিবির এসআই এম এ মজিব ১০ দিন রিমান্ডের আবেদন করলে হাকিম এই আদেশ দেন।
শনিবার রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় ঝুট ব্যবসায়ী নাজমুল ইসলামের কাছ থেকে ১৯ লাখ টাকা এসআই রফিক ও লুৎফর ছিনিয়ে নেন বলে অভিযোগ উঠেছে।
নাজমুলের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ছিনতাইকারীরা পালিয়ে যান। কিন্তু মাইক্রোবাসে ফেলে যাওয়া পরিচয়পত্রের সূত্র ধরে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।
এ ঘটনায় ব্যবসায়ী নাজমুল বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় একটি মামলা করেন। ওই মামলাতেই রফিকুল ও লুৎফরকে রিমান্ডে পেল ডিবি।
