২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোকেনকাণ্ডে আরেকজন গ্রেপ্তার

বলিভিয়া থেকে তেলের সঙ্গে মিশিয়ে কোকেন আনার ঘটনায় জড়িত অভিযোগে আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2015, 06:02 PM

Updated : 22 Aug 2022, 12:46 PM

রোববার দুপুরে বন্দর নগরীর আগ্রাবাদ থেকে গ্রেপ্তার মেহেদী আলম (৩০) একজন তথ্য প্রযুক্তি ‘বিশেষজ্ঞ’ বলে মামলার তদন্ত কর্মকর্তা, গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার মো. কামরুজ্জামান জানিয়েছেন।

এনিয়ে তরল কোকেন আটকের ঘটনায় মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হল। এর মধ্যে মেহেদীসহ দুজনকে গ্রেপ্তার করা হয় চট্টগ্রামে, ঢাকায় গ্রেপ্তার হন তিনজন।

চট্টগ্রামে এর আগে গ্রেপ্তার হন গোলাম মোস্তফা সোহেল। খাতুনগঞ্জের যে প্রতিষ্ঠানের নামে ওই তেল আমদানি করা হয়েছিল, সোহেল সেই খান জাহান আলী লিমিটেডের কর্মকর্তা।

ঢাকায় গ্রেপ্তার তিনজন হলেন- গার্মেন্টস পণ্য রপ্তানিকারক প্রতিষ্ঠান মণ্ডল গ্রুপের বাণিজ্যিক নির্বাহী আতিকুর রহমান খান এবং শিপিং এজেন্ট প্রতিষ্ঠান কসকো বাংলাদেশ শিপিং লাইনস লিমিটেডের ব্যবস্থাপক এ কে আজাদ এবং মোস্তফা কামাল নামে এক ব্যক্তি।

এই মামলার আসামি খান জাহান আলী লিমিটেডের মালিক নুর মোহাম্মদ এখনও পলাতক।

গ্রেপ্তার সোহেল, আতিক, কামাল, আজাদকে ইতোমধ্যে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।  

ডিবি কর্মকর্তা কামরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে মেহেদীকে গ্রেপ্তার করা হয়েছে।”

Image
বন্দরে কোকেন আটকের মামলায় গ্রেপ্তার (বাঁ থেকে) এ কে আজাদ, মোস্তফা কামাল ও আতিকুর রহমান খান। বৃহস্পতিবার চট্টগ্রামের আদালতে তাদের হাজির করা হলে রিমান্ডে পাঠানো হয়।

বন্দরে কোকেন আটকের মামলায় গ্রেপ্তার (বাঁ থেকে) এ কে আজাদ, মোস্তফা কামাল ও আতিকুর রহমান খান। বৃহস্পতিবার চট্টগ্রামের আদালতে তাদের হাজির করা হলে রিমান্ডে পাঠানো হয়।

Image
চট্টগ্রামে গ্রেপ্তার গোলাম মোস্তফা সোহেল (ফাইল ছবি)

চট্টগ্রামে গ্রেপ্তার গোলাম মোস্তফা সোহেল (ফাইল ছবি)

চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার এসএম তানভীর আরাফাত জানান, গ্রেপ্তার মেহেদী এই মাদক চোরাচালানে সন্দেহভাজন বকুল মিয়ার শ্যালক।

তদন্তকারীরা জানিয়েছেন, মোস্তফা কামালের আত্মীয় বকুল এই ‘পাচারচক্রের’ হোতা, যিনি যুক্তরাজ্যে থাকেন। রাজু নামের এক ভারতীয় নাগরিকও এর সঙ্গে জড়িত।

গত ৮ জুন বন্দরে আসা একটি কনটেইনারের ১০৭টি ড্রাম সূর্যমুখী তেলের মধ্যে একটিতে তেলের সঙ্গে মেশানো কোকেন পাওয়া যায়। ওই ড্রামটির তরলের এক-তৃতীয়াংশ কোকেন বলে গোয়েন্দাদের ধারণা।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

তেলের ড্রামে কোকেন আনার এই মামলা তদন্ত করছে সরকারি কয়েকটি সংস্থা।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, বন্দরের নিরাপত্তা বিভাগ, কাস্টমস, শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও চট্টগ্রাম মহানগর পুলিশকে সমন্বিতভাবে তদন্ত করতে বলেছে আদালত।

গোয়েন্দাদের দাবি, বাংলাদেশ, ভারত, যুক্তরাজ্য ও বলিভিয়ার মাদক পাচারকারীরা এই কোকেন আনায় জড়িত। বাংলাদেশকে ট্রানজিট হিসেবে ব্যবহার করে এই কোকেন ভারতে নেওয়ার উদ্দেশ্য ছিল। 

পুরনো খবর:

তেলের ড্রামে কোকেন: ঢাকায় আটক ৩
চট্টগ্রাম বন্দরে আটক কোকেন ‘যাচ্ছিল’ ভারতে
কোকেন কাণ্ডের সমন্বিত তদন্তের নির্দেশ