নাটোরে বাড়ির ভেতর দম্পতির লাশ
নাটোরের সিংড়া উপজেলায় বাড়ির ভেতর সাবেক এক সেনা সদস্য ও তার স্ত্রীর লাশ পাওয়া গেছে, যাদের শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে পুলিশের ধারণা।
রোববার সকালে কলম ইউনিয়নের সাঁঐল গ্রাম থেকে লাশ দুটি উদ্ধার করা হয় বলে সিংড়া থানার ওসি নাসির উদ্দিন মণ্ডল জানান।
নিহত ননী গোপাল কুণ্ডু (৭০) একজন সাবেক সেনা সদস্য। তার স্ত্রীর নাম চিত্রা রানী কুণ্ডু (৬০)।
সিংড়া থানার এসআই সাইফুল ইসলাম জানান, ননীর লাশটি পড়ে ছিল তার শোবার ঘরে। হাত-পা পেছন থেকে রশি দিয়ে বাঁধা ছিল।
আর তার স্ত্রীর লাশ পাওয়া গেছে বাড়ির বাইরে টিউবওয়েলের পাশে। তার মুখে গামছা গুঁজে দেওয়া ছিল।
“নিহতদের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। সম্ভবত রাতের কোনো এক সময় দুজনকে শ্বাসেরোধে হত্যা করা হয়েছে,” বলেন সাইফুল।
টিউবওয়েলের পাশে লাশ দেখতে পেয়ে স্থানীয়রাই থানায় খবর দেয় বলে এই পুলিশ সদস্য জানান।
নিহতদের প্রতিবেশী কালু মণ্ডল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সাবেক সেনা সদস্য ননী ছিলেন একজন মুক্তিযোদ্ধা। তিনি ঠিকাদারিতে যুক্ত ছিলেন।
আগে সিংড়ার কুণ্ডরী গ্রামে থাকলেও ননী ও তার পরিবার বছর পাঁচেক আগে সাঁঐল গ্রামে বসবাস শুরু করেন।
তাদের দুই ছেলে পুলক কুমার কুণ্ডু ও পিনাক কুমার কুণ্ডু ভারতে বসবাস করেন। দুই ছেলেই সেখানে পুলিশে চাকরি করেন বলে এলাকাবাসীর তথ্য।
ওসি নাসির উদ্দিন মণ্ডল বলেন, লাশ দুটি ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কারা কেন এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা পুলিশ তদন্ত করে দেখছে।
