২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিজয় টিভি মামলা: মহিউদ্দিনসহ ৩ আসামির অব্যাহতি

আট বছর চলার পর অবশেষে বিজয় টেলিভিশন দুর্নীতি মামলার সমাপ্তি ঘটেছে, চট্টগ্রাম সিটি করপোরেশনর সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীসহ তিন আসামিকে অব্যাহিত দিয়েছে চট্টগ্রামের একটি আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2015, 01:23 PM

Updated : 22 Aug 2022, 12:45 PM

মামলাটির কার্যক্রম বাতিল করে হাই কোর্টের দেওয়া রায় চট্টগ্রামের আদালতে পৌঁছানোর পর চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ রুহুল আমিন বৃহস্পতিবার এই আদেশ দেন।

অব্যাহতি পাওয়া অন্য দুজন হলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ হোসেন চৌধুরী ও সাবেক প্রধান প্রকৌশলী মোখতার আলম।

আসামিপক্ষের আইনজীবী রনি কুমার দে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হাই কোর্টের আদেশ অনুসারে মামলার কার্যক্রম সমাপ্ত ঘোষণা করে আদালত আসামিদের অব্যাহতি প্রদান করেছেন।”

আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী মেজবাহ উদ্দিন চৌধুরী বলেন, “বৃহস্পতিবার শুনানির নির্ধারিত দিনে হাই কোর্টের আদেশটি নথিভুক্ত করে আদালত মামলার পরিসমাপ্তি ঘোষণা করেছেন।

এর আগে গত ২৭ এপ্রিল উচ্চ আদালতের আদেশটি আদালতে আসে বলে জানান তিনি।

চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্যোগে ২০০৬ সালের ১৬ ডিসম্বর বিজয় টেলিভিশনের সম্প্রচার শুরু হয়। ‘অনুমতি ছাড়া’ টেলিভিশন চালুর কারণ জানতে চেয়ে ২০০৭ সালের ৮ মার্চ তৎকালীন সরকার সিটি করপোরেশনকে নোটিস দিয়ে সম্প্রচার বন্ধ করে দেয়। 

সরকারের অনুমতি ও কোনো দরপত্র ছাড়া চট্টগ্রাম সিটি করপোরেশনের এক কোটি ৪৭ লাখ ২০ হাজার টাকা তুলে সম্প্রচার শুরুর অভিযোগ এনে ওই বছরের ২৭ মে দুর্নীতি দমন কমিশন (দুদক) চট্টগ্রামের কোতোয়ালি থানায় এ মামলা করে।

তখনকার মেয়র মহিউদ্দিন চৌধুরীসহ পাঁচজনকে তখন আসামি করা হলেও অভিযোগপত্র থেকে করপোরেশনের বর্তমান শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শহিদু্ল্লাহ এবং থিয়েটার ইন্সটিটিউট চট্টগ্রামের (টিআইসি) পরিচালক আহমেদ ইকবাল হায়দারের নাম বাদ দেওয়া হয়।

মহিউদ্দিন চৌধুরীর করা এক আবেদনে ২০০৮ সালের ১৭ জানুয়ারি মামলাটির কার্যক্রম স্থগিত করে সেটি  কেন বাতিল করা হবে না তা জানতে চায় হাই কোর্ট। ২০১২ সালের ১০ ডিসেম্বর উচ্চ আদালত বিজয় টিভি দুর্নীতি মামলা বাতিল ঘোষণা করে।

এরপর ২০১৩ সালের ২৫ ডিসেম্বর মামলার বাদি আবু মোহাম্মদ আরিফ সিদ্দিকী হাই কোর্টের রায়ের বিরুদ্ধে আপিল না করার কথা আদালতকে জানান।