মেঘনায় যুবকের গুলিবিদ্ধ লাশ
নোয়াখালীর হাতিয়া উপজেলায় মেঘনা নদী থেকে এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে, যিনি জলদস্যুদের গুলিতে নিহত হন বলে দাবি করছেন স্বজনরা।
সোমবার উপজেলার ঠেঙ্গারচরে আলাউদ্দিনের (২৮) লাশ পাওয়া যায়।
আলাউদ্দিন সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের চরমজিদ গ্রামের মৃত আমিনুল হকের ছেলে।
আলাউদ্দিনের চাচা নুরুল আলম জানান, শুক্রবার ভোরে চরমজিদ এলাকার আনোয়ার মাঝির দুটি নৌকা নিয়ে আলাউদ্দিন, তার ভাই আনোয়ারসহ ২৮ জন জেলে মেঘনা নদীতে যান।
বেলা ১১টার দিকে ঠেঙ্গারচর এলাকায় জলদস্যু কালাম বাহিনী নৌকায় হামলা চালায়।
এ সময় দস্যুরা নৌকার মাঝি আনোয়ারসহ অন্য জেলেদেরকে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে আহত করে এবং আলাউদ্দিনকে গুলি করে নদীতে ফেলে দিয়ে মাছসহ নৌকার মালামাল লুট করে নিয়ে যায়।
অন্যরা তীরে উঠে আসলেও আলাউদ্দিন নিখোঁজ থাকেন বলে জানান তিনি।
হাতিয়া থানার ওসি নূরুল হুদা বলেন, “মেঘনা থেকে এক মাঝির গুলিবিদ্ধ লাশ উদ্ধারের খবর শুনেছি।”
