মাসদার হোসেন মামলার রায়ের রিভিউ প্রয়োজন: মুহিত
বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে ভারসাম্যের জন্য নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ আলাদা করার ঐতিহাসিক মাসদার হোসেন মামলার রায় পুনর্বিবেচনা করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
শনিবার একটি কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি একথা বলেন, যেখানে প্রধান বিচারপতি, আইনমন্ত্রী, আইন সচিব উপস্থিত ছিলেন।
বক্তব্যে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের বিবর্তনের ইতিহাস তুলে ধরে এ প্রসঙ্গে আসেন অর্থমন্ত্রী।
তিনি বলেন, “আমি অত্যন্ত বিনয়ের সঙ্গে বলতে চাই- মাসদার হোসেন মামলার কিছু রিভিউ হওয়া দরকার, যাতে মানুষ বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে ভারসাম্য পায়।”
মাসদার হোসেন মামলার চূড়ান্ত শুনানি করে ১৯৯৯ সালের ২ ডিসেম্বর সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সরকারের নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে আলাদা করতে ঐতিহাসিক এক রায় দেয়।
ওই রায়ে আপিল বিভাগ বিসিএস (বিচার) ক্যাডারকে সংবিধান পরিপন্থি ও বাতিল ঘোষণা করে। একইসঙ্গে জুডিশিয়াল সার্ভিসকে স্বতন্ত্র সার্ভিস ঘোষণা করা হয়। বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে আলাদা করার জন্য সরকারকে বেশ কিছু নির্দেশনা দেয় সর্বোচ্চ আদালত।
মাসদার হোসেন মামলার রায়ের পর ২০০৭ সালের ১ নভেম্বর নির্বাহী বিভাগ থেকে আলাদা হয়ে বিচার বিভাগের কার্যক্রম শুরু হয়। তবে ওই রায় অনুসারে এখনও বিচার বিভাগীয় সচিবালয় হয়নি।
আইন মন্ত্রণালয় সুপ্রিম কোর্টের পরামর্শে এখন সাচিবিক কাজ কর্ম করে। সাবেক প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের আমলে পুরাতন সড়ক ভবনে বিচার বিভাগীয় সচিবালয় উদ্বোধন করা হয়েছিল। এরপর কাজ আর এগোয়নি।
তবে সর্বশেষ বাজেটে তিন বছরের অগ্রাধিকারে বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠার বিষয়টি স্থান পেয়েছে। এরমধ্যেই অর্থমন্ত্রী একথা বললেন।
‘ডিজিটালাইজেশন অব বাংলাদেশ জুডিশিয়ারি’ শিরোনামের এই কর্মশালায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বেশ কয়েকজন বিচারপতির পাশাপশি হাই কোর্টের বিচারকরাও অংশ নেন।
সুপ্রিম কোর্ট ও ইউএনডিপির যৌথ আয়োজনের এই কর্মশালায় অন্যদের মধ্যে আইনমন্ত্রী আনিসুল হক, তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব আবুল কালাম আজাদ, ইউএনডিপির আবাসিক প্রতিনিধি রবার্ট ওয়াটকিনস, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম বক্তব্য রাখেন।
