মজুরি বৃদ্ধির দাবিতে চট্টগ্রামে ঘাট শ্রমিকদের কর্মবিরতি
মজুরি বাড়ানোর দাবিতে চট্টগ্রামের কর্ণফুলী নদীর ১৬ ঘাটে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছে ঘাট-গুদাম শ্রমিকদের একাংশ।
বৃহস্পতিবার সকালে কর্মবিরতি শুরুর পর বিভিন্ন ঘাটে বহির্নোঙর থেকে পণ্যবাহী বেশ কিছু লাইটারেজ জাহাজ আটকা পড়েছে।
চট্টগ্রাম ঘাট গুদাম শ্রমিক সংগ্রাম কমিটির সদস্য সচিব রাজা মিয়া হাওলাদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সকাল থেকে কর্মবিরতি শুরু হয়েছে। দাবি না মানা পর্যন্ত কর্মবিরতি চলবে।
“গত বছরের নভেম্বরেও মজুরি বৃদ্ধির জন্য আন্দোলন হয়েছিল। শ্রমিকদের মজুরি ১ জুলাই থেকে ১৭ শতাংশ বাড়ানোর জন্য কথা থাকলেও তা কার্যকর হয়নি।”
বুধবার ঘাটে কাজ শেষে বর্ধিত মজুরি না দেওয়ায় শ্রমিকরা সকাল থেকে কাজ বন্ধ রাখে বলে জানান ঘাট গুদাম শ্রমিক নেতা রাজা।
তিনি জানান, ২৬ জুন স্থানীয় সাংসদ আব্দুল লতিফ ও চেম্বার সভাপতির সঙ্গে গুদাম ঠিকাদারদের সঙ্গে একটি বৈঠক হয়। সেখানে ১ জুলাই থেকে বর্ধিত মজুরি দেওয়ার কথা ছিল।
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর থেকে খাদ্যশস্য ও সার লাইটারেজ জাহাজের (ছোট জাহাজ) মাধ্যমে এসব ঘাটে এনে তা খালাস করে গুদামে নিয়ে যাওয়া হয়।
গত বছরের ৩০ নভেম্বর থেকেও টানা তিন দিন মজুরি বৃদ্ধিসহ বেশ কিছুদাবিতে আন্দোলন করে ঘাট-গুদাম শ্রমিকরা।
