২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে সাংবাদিক পরিচয়ে ইয়াবা পাচার, গ্রেপ্তার ২

চট্টগ্রামের বাকলিয়া থানার শাহ আমানত সেতু এলাকায় একটি বাস থেকে ইয়াবাসহ দুই যাত্রীকে গ্রেপ্তার করা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2015, 03:53 PM

Updated : 12 Oct 2022, 03:56 PM

বাকলিয়া থানার ওসি মোহাম্মদ মহসিন জানান, বৃহস্পতিবার ভোরে কক্সবাজার-ঢাকাগামী হানিফ এন্টারপ্রাইজের বাস থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

এরা হলেন- আবদু ছবুর ওরফে আমান (৩১) এবং কবির হোসেন (২৭)। এদের মধ্যে সাংবাদিক পরিচয় দেওয়া আমানের বাড়ি টেকনাফের হ্নীলা বাজারের পশ্চিম সিকদার পাড়ায়। তার কাছ থেকে ২ হাজার ৫৫০টি ইয়াবা পাওয়া যায়।

কবিরের বিস্তারিত পরিচয় জানায়নি পুলিশ। তার কাছ থেকে ২০টি ইয়াবা পাওয়া যায়।

মহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সবুর কোমরে বেল্টের ভেতর বিশেষ কৌশলে ১২টি প্যাকেটে ইয়াবাগুলো লুকিয়ে রেখেছিল।

“থানায় আনার পর সবুর ‘কক্সবাজার খবর টোয়েন্টিফোর ডটকম’ নামে একটি প্রেস কার্ড দেখিয়ে বিভিন্ন সাংবাদিকদের নাম বলে পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করে। তিনি সম্ভবত সাংবাদিক পরিচয়ের আড়ালে মাদক কেনাবেচার কাজ করেন।”  

প্রেস কার্ডে তার নাম এস এস আমান থাকলেও পকেটে থাকা জাতীয় পরিচয় পত্রে তার নাম আবদু ছবুর লেখা রয়েছে বলেও ওসি মহসিন জানান।

একই সময় ওই বাসের আরেক যাত্রী কবিরকে ২০টি ইয়াবাসহ গ্রেপ্তার করা হয় বলে জানান তিনি।