২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কলেজে ভর্তির তালিকা পেতে আরেক দিন

দুই দফা পিছিয়েও সমস্যর জট  খুলতে না পেরে কলেজে ভর্তির জন্য মনোনীতদের প্রথম মেধা তালিকা প্রকাশ করতে আরেক দিন সময় নিচ্ছে শিক্ষা মন্ত্রণালয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শহীদুল ইসলাম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2015, 09:51 AM

Updated : 22 Aug 2022, 12:41 PM

রোববার সকাল নাগাদ এই তালিকা ওয়েবসাইটে পাওয়া যাবে বলে শনিবার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন ঢাকা বোর্ডের কলেজ পরিদর্শক আসফাকুস সালেহীন।

www.xiclassadmission.gov.bd এই ওয়েবসাইটে বহু প্রত্যাশিত এই ফল পাওয়া যাবে।

বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় ওই ফল প্রকাশের কথা ছিল। অনেকে রাত জেগে দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়েও ফল পাননি।

এরপর শুক্রবার রাত ১১টা ৩০ মিনিটে মেধা তালিকার প্রকাশের সময় নির্ধারণ করে শিক্ষা মন্ত্রণালয়। কিন্তু তাতেও কাজ শেষ করা যায়নি।

শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে ঢাকা বোর্ডের কলেজ পরিদর্শক সালেহীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, শনিবার সকাল ৮টায় ওয়েবসাইটে ফল প্রকাশিত হবে।

কিন্তু সকাল থেকে ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা ওয়েবসাইটে ফল পাননি। ওয়েবসাইটে নোটিস ঝুলছিল- “২০১৫-১৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিচ্ছুক শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের জানানো যাচ্ছে যে, ভর্তির ফলাফল প্রক্রিয়াকরণের কাজ চলছে, ফলাফল প্রকাশের সময় শীঘ্রই জানিয়ে দেওয়া হবে।”

ভর্তির ফলাফল প্রকাশের এই কাজে আইআইসিটি, বুয়েট কারিগরি সহায়তা দিচ্ছে। সেখানেই জট বেঁধেছে বলে বোর্ড কর্মকর্তারা জানিয়েছেন। 

ওয়েবসাইট হ্যাকড হওয়ায় ফলপ্রকাশ বিলম্বিত হয়েছে বলে কয়েকটি সংবাদ মাধ্যমে খবর এলেও আসফাকুস সালেহীন তা নাকচ করেন।

তিনি রোববার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সমস্যা সমাধানে কায়কোবাদ (বুয়েটের কম্পিউটার বিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. কায়কোবাদ) স্যারকে ডাকা হয়েছিল।

“তিনি বলেছেন, প্রোগ্রামটি রান করছে না। তবে এটা বড় সমস্যা নয় জানিয়ে আজ রাত নাগাদ সমাধান করা যাবে বলে জানিয়েছেন তিনি। আমরা আশা করছি, কাল (রোববার) সকালে ফল দেওয়া যাবে।”

ফল প্রকাশে দেরি হওয়ায় ভর্তির সময়ও একদিন বাড়ানোর বিষয়টি বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।  

সমস্যার বিষয়টি নিয়ে কথা বলতে ড. কায়কোবাদকে টেলিফোন করা হলেও ‘কাজে ব্যস্ত আছেন’ বলে এই মুহূর্তে সময় দিতে পারেননি তিনি।      

বোর্ড কর্মকর্তারা জানিয়েছেন, অনেক বেশি সংখ্যক পরীক্ষার্থী এবং একেকজন শিক্ষার্থীর কলেজ বাছাইয়ের অনেকগুলো ‘চয়েস’ থাকায় এই সমস্যা দেখা দিয়েছে।

৩০ মে প্রকাশিত এসএসসি ও সমমানের পরীক্ষায় ফলাফলে ১২ লাখ ৮২ হাজার ৬১৮ জন উত্তীর্ণ হন, যারা এখন এই ভর্তি ফলের অপেক্ষায় আছেন। ২০১৩ ও ২০১৪ সালে পাস করা ছাত্র-ছাত্রীরাও এবার একাদশে ভর্তির সুযোগ পাচ্ছেন।

গত কয়েক বছর ধরে মাধ্যমিক পরীক্ষার ফলের ভিত্তিতে একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হচ্ছে। এবার কলেজে ভর্তি হতে গত ৬ জুন থেকে ২১ জুলাই পর্যন্ত অনলাইন ও এসএমএসে আবেদন করেন শিক্ষার্থীরা।

এক বিজ্ঞপ্তিতে ঢাকা বোর্ড জানিয়েছে, প্রথম মেধা তালিকায় থাকা শিক্ষার্থীরা ২৭ থেকে ৩০ জুন পর্যন্ত বিলম্ব ফি ছাড়া ভর্তি হতে পারবেন। কলেজগুলোতে আসন খালি থাকা সাপেক্ষে ২ জুলাই দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ করা হবে।

এর আগে যেসব শিক্ষার্থী অনলাইনে আবেদন করেননি, তারা ৯ থেকে ১১ জুলাই পর্যন্ত আবেদনের সুযোগ পাবেন। নতুন করে আবেদনকারীদের ফল প্রকাশ করা হবে ১২ জুলাই।

ভর্তি প্রক্রিয়া শেষে আগামী ১ জুলাই থেকে একাদশে ক্লাশ শুরু হবে। ব্যবহারিক ক্লাস শুরু হবে ১ অগাস্ট।

পুরনো খবর:

একাদশ শ্রেণিতে ভর্তির ফল রাতে
একাদশে ভর্তি: ফলের অপেক্ষা আরও বাড়ল