২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একাদশ শ্রেণিতে ভর্তির ফল রাতে

একাদশ শ্রেণিতে ভর্তির জন্য মনোনীতদের প্রথম মেধা তালিকা বৃহস্পতিবার প্রকাশ করা হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2015, 04:35 PM

Updated : 22 Aug 2022, 12:40 PM

ঢাকা বোর্ডের কলেজ পরিদর্শক আসফাকুস সালেহীন দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার যে কোনো সময় ফল প্রকাশ করা হবে।

www.xiclassadmission.gov.bd ওয়েবসাইটে একাদশে ভর্তিচ্ছু সারা দেশের শিক্ষার্থীদের ফল পাওয়া যাবে। এছাড়া বিভিন্ন বোর্ডের নিজস্ব ওয়েবসাইটেও ফল প্রকাশ করা হবে বলে জানান কলেজ পরিদর্শক।

একাদশে ভর্তির জন্য মনোনীত শিক্ষার্থীদের তালিকা প্রকাশের যে ওয়েবসাইট করা হয়েছে তাতে বলা হয়েছে, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় ফল প্রকাশ করা হবে।

গত কয়েক বছর ধরে মাধ্যমিক পরীক্ষার ফলের ভিত্তিতে একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হচ্ছে।

এক বিজ্ঞপ্তিতে ঢাকা বোর্ড জানিয়েছে, প্রথম মেধা তালিকায় থাকা শিক্ষার্থীরা ২৭ থেকে ৩০ জুন পর্যন্ত বিলম্ব ফি ছাড়া ভর্তি হতে পারবেন।

কলেজগুলোতে আসন খালি থাকা সাপেক্ষে ২ জুলাই দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ করা হবে।

এর আগে যেসব শিক্ষার্থী অনলাইনে আবেদন করেনি তারা ৯ থেকে ১১ জুলাই পর্যন্ত আবেদনের সুযোগ পাবেন জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন করে আবেদনকারীদের ফল প্রকাশ করা হবে ১২ জুলাই।

কলেজে ভর্তি হতে গত ৬ জুন থেকে ২১ জুলাই পর্যন্ত অনলাইন ও এসএমএসে আবেদন করেন শিক্ষার্থীরা।

৩০ মে প্রকাশিত এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে ৮৭ দশমিক ০৪ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।

এ বছর মাধ্যমিক উত্তীর্ণ শিক্ষার্থী ছাড়াও ২০১৩ ও ২০১৪ এই পরীক্ষায় উত্তীর্ণরাও একাদশ শ্রেণিতে ভর্তি হতে পারবেন।

ভর্তি প্রক্রিয়া শেষে আগামী ১ জুলাই থেকে একাদশে ক্লাশ শুরু হবে। আর ব্যবহারিক ক্লাস শুরু হবে ১ অগাস্ট।