লালবাগে বিস্ফোরণ: নিহতের বাবাকে সন্দেহ পুলিশের
বোমা বিস্ফোরণে হারিয়েছেন ছেলেকে। আহত হয়ে মেয়েও চিকিৎসাধীন। শোকগ্রস্ত পিতাকে তবুও ছাড়ছে না পুলিশ। সন্দেহ কোনোভাবে তিনি জড়িত কি না।
ঘটনা বৃহস্পতিবার বিকেলের। ঘটনাস্থল পুরান ঢাকার লালবাগের রিয়াজউদ্দিন রোডে। ওই বিস্ফোরণের পর থেকে পুলিশের ‘কব্জায়’ আছেন নিহত শিশু মিরাজ রহমানের (৫) বাবা মো. ইয়াকুব।
পুলিশ বলছে, তাকে আটক করা হয়নি, তবে জিজ্ঞাসাবাদের জন্য এখনই ছাড়া যাবে না।
শুক্রবার চকবাজার থানায় গিয়ে দেখা গেল, ডিউটি অফিসারের সামনে বসিয়ে রাখা হয়েছে ইয়াকুবকে। বৃহস্পতিবার রাত ও শুক্রবার সারা দিনই তার কেটেছে এই ডিউটি অফিসারের সামনের সোফায় বসে।
বৃহ্স্পতিবার একটি একতলা বাড়ির ওপর গড়া টিনশেড ঘরে বোমা বিস্ফোরণে মারা যায় মিরাজ, আহত হয় তার বড় বোন নেহা আক্তার (১১)।
পরিবারের সদস্যরা বলছেন, বাইরে থেকে কেউ বোমা নিক্ষেপ করেছে। যদিও কারও সঙ্গে পারিবারিক বিরোধ নেই বলে তাদের জোর দাবি।
তবে পুলিশের দাবি, এভাবে বাইরে থেকে বোমা নিক্ষেপ করা সম্ভব নয়; তাই জিজ্ঞাসাবাদ চলছে ইয়াকুবের।
শুক্রবার ওই বাড়িতে সরেজমিনে গিয়ে দেখা যায়, যে কক্ষে বোমাটি বিস্ফোরিত হয় সেই কক্ষের দক্ষিণে বেশকিছু খালি জায়গা রয়েছে। সেখানে মিরাজের বাড়ির মানুষ গোসল করে।
দোতলার টিনশেডের দক্ষিণে দুটি জানালা রয়েছে; বড় জানালাটি বন্ধ, ছোটটি খোলা। ছোট জানালার চার ইঞ্চি ব্যবধানে লোহার রড রয়েছে।
আর জানালা থেকে প্রায় ত্রিশ গজ দূরে পশ্চিম-দক্ষিণ পাশে একটি বহুতল ভবন, দক্ষিণ-পূর্বপাশে রয়েছে একটি দোতলা ভবন- তাও আনুমানিক বিশ গজ দূরে।
লালবাগ জোনের পুলিশের জ্যেষ্ঠ সহকারী কমিশনার আর এম ফয়জুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বোমাটি কক্ষেই ছিল। বাচ্চাটি হয় বাহির থেকে খেলনা জাতীয় কিছু মনে করে বাসায় নিয়ে এসেছিল, না হয় তার বাবা এই বোমা সম্পর্কে জানেন।”
তিনি বলেন, পুলিশ নানাভাবে আশপাশ দেখেছে, ওই জানালা দিয়ে কোনোভাবেই ছয় ইঞ্চি লম্বা ‘পাইপ বোমাটি’ ঢুকবে না। তবে কেউ যদি জানালা দিয়ে হাত ঢুকিয়ে প্রবেশ করায় তাহলে অন্য কথা। দক্ষিণে দাঁড়ানোর মতোও কিছু নেই। এমনকি আশপাশে দাঁড়ানোর মতো কিছু পাওয়া যায়নি।
ঘটনার সময় ওই কক্ষে নিহত মিরাজের বোন নিহা ছাড়াও ছিলেন তার মা সাহিদা বেগম।
সাহিদা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নিহা স্থানীয় স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। মিরাজ পড়ে লালবাগ মাদ্রাসায়। বিকালে তারা দুজন বাসায় ফিরে খাটের ওপর খেলা করছিল। আমিও ওই কক্ষের এক পাশে ছিলাম।
“হঠাৎ খাটের ওপর কিছু একটা পড়ল মনে হলো, এগিয়ে গিয়ে দেখার আগেই মিরাজের হাতে সেটি বিস্ফোরিত হয়। পাশে নিহাও ছিল।”
একই কক্ষে থাকা দুই সন্তানের একজন নিহত ও অপরজন আহত হলেও সাহিদা অক্ষত রয়েছেন।
ঘটনাস্থল ঘুরে এসে চকবাজার থানায় গিয়ে কথা হয় ইয়াকুবের সঙ্গে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “ঘটনার সময় আমি বাড়ির সামনে রাস্তায় ছিলাম। আওয়াজ শুনে প্রথমে দৌড়ে বাড়ির দক্ষিণ পাশের মসজিদের কাছে যাই। পরে বুঝতে পারি আমার বাড়ি থেকেই বিস্ফোরণের শব্দ এসেছে।”
“তাৎক্ষণিক বাড়ির দোতলায় উঠে দেখি ছেলে রক্তাক্ত হয়ে পড়ে আছে।”
কথা বলতে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন শোকগ্রস্ত মো. ইয়াকুব। “আমি কাঁথা মুড়িয়ে দ্রুত মিরাজকে হাসপাতালে নিয়ে যাই। তবে বাঁচাতে পারলাম না।”
বোমাটি কোথা থেকে এসেছে জানতে চাইলে তিনি বলেন, “আমারও প্রশ্ন কোথা থেকে এলো? বড় জানালা বন্ধ আর ছোট জানালারতো চার আঙ্গুল দূরত্বে রড রয়েছে।”
ঘটনার সঙ্গে ইয়াকুবের সম্পৃক্ততা থাকতে পারে এমন সন্দেহ চকবাজার থানার ওসি আজিজুল হকের।
তিনি বলেন, “ইয়াকুব একজন নেশাগ্রস্ত। সে নিয়মিত মাদক সেবন করে। আগেও দুইবার তাকে পুলিশ ধরে এনেছিল।”
ইয়াকুবের মা সায়েরা বেগম জানান, তার চার ছেলে ও তিন মেয়ের মধ্যে ইয়াকুব ও দুই মেয়ে বিয়ে করেছে। চার কাঠা জমির মধ্যে ছয়টি দোকান ও সাতটি ঘর রয়েছে। ছয়টি দোকান ও দুটি ঘর ভাড়া দেওয়া হয়েছে।
ইয়াকুব আগে নানা ধরনের ব্যবসা করলেও লোকসান হওয়ায় গত এক বছর ধরে বেকার বলেও জানান তিনি।
সায়েরা বেগম জানান, ঘর ভাড়ার টাকা দিয়েই ইয়াকুবের সংসার চলে।
বোমাটি কে ছুড়ে থাকতে পারে- জানতে চাইলে তিনি বলেন, “১৯৮৪ সালে আমার স্বামী আব্দুল খালেক মারা গেছেন। স্বামী মারা যাওয়ার পর জমি নিয়ে কারো সঙ্গে বিরোধ হয়নি। তাই কাউকে সন্দেহ করতে পারছি না।”
কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, “আমার নাতি মারা গেল আর পুলিশ তার বাবাকে আটকে রেখেছে।”
প্রতিবেশী ইসলাম বলেন, ইয়াকুবদের চার ভাই কোনো রাজনীতি করে না। তবে বোমার বিষয়টি তার কাছেও পরিষ্কার নয়।
এদিকে শুক্রবার আছরের নামাজের পর মিরাজকে আজিমপুর কবরস্থানে দাফন করা হয়েছে। দাফনের সময় ইয়াকুব থাকলেও দাফন শেষে তাকে পুলিশ থানায় নিয়ে গেছে।
ওসি জানিয়েছেন, জিজ্ঞাসাবাদ করার জন্য শুক্রবারও ইয়াকুবকে থানায় থাকতে হবে।
