লালবাগে হাতবোমা বিস্ফোরণে শিশু নিহত
পুরান ঢাকার লালবাগের একটি টিনশেড ঘরে হাতবোমা বিস্ফোরণে এক শিশু নিহত হয়েছে।
বৃহস্পতিবার বিকালের কাজী রিয়াজ উদ্দিন রোডের ২৭/২০ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত মিরাজ রহমান (৫) ইয়াকুব আলীর মেয়ে। এ ঘটনায় তার বড় বোন নিহা আক্তার আহত হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ফাঁড়ি পুলিশের পরিদর্শক মোজাম্মেল হক জানান, বিকাল সোয়া ৫টার দিকে মিরাজ ও নিহাকে হাসপাতালে আনার পর চিকিৎসক মিরাজকে মৃত ঘোষণা করেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে বলেন, “মিরাজের হাতে, পিঠে ও শরিরের বিভিন্ন স্থানে বোমার স্প্লিন্টারের জখম রয়েছে।”
লালবাগ থানার পরিদর্শক (তদন্ত) পরিতোষ সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে বলেন, টিনশেডের দ্বিতীয় তলার সামনে ছোট বারান্দায় খেলা করার সময় হঠাৎ বিস্ফোরণে তারা আহত হয়।
“হাতবোমাটি কেউ ছুড়েছিল, না ওখানে ছিল তা খতিয়ে দেখা হচ্ছে।”
