২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আল রাজী হাসপাতালের বিরুদ্ধে ত্রুটিপূর্ণ টেস্টের অভিযোগ শিল্পী মুর্তজা বশীরের

রাজধানীর ফার্মগেইটে অবস্থিত আল রাজী হাসপাতালে স্ত্রীর স্বাস্থ্য পরীক্ষা করিয়ে ভুল বার্তা পাওয়ার অভিযোগ করেছেন প্রখ্যাত চিত্রশিল্পী মুর্তজা বশীর।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2015, 11:48 PM

Updated : 12 Oct 2022, 03:55 PM

শিল্পীর স্ত্রী আমেনা বশীরের (৭৩) শরীরে লবণ স্বল্পতাসহ আরও কিছু সমস্যায় অসুস্থতা দেখা দেওয়ায় গত সোমবার আল রাজী হাসপাতালে গিয়ে রক্ত পরীক্ষা করান। একদিন পর স্ত্রীর রক্তে সোডিয়ামের মাত্রা ও কিডনির অবস্থা নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ যে প্রতিবেদন দেয় তা ‘অবাস্তব’ মনে হওয়ায় অ্যাপোলো হাসপাতালে পুনঃপরীক্ষা করান মুর্তজা বশীর।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আল রাজী হাসপাতালের প্রতিবেদনে তার স্ত্রীর রক্তে সোডিয়ামের মাত্রা ১৩৯ মিলিমোল/লিটার বলে দেখানো হয়।

Image
শিল্পী মুর্তজা বশীর (ফাইল ছবি)

শিল্পী মুর্তজা বশীর (ফাইল ছবি)

“একজন সুস্থ মানুষের শরীরে সোডিয়ামের মাত্রা ১৩৯ মিলিমোল/লিটার থাকাই যথেষ্ট। কিন্তু তার অসুস্থতার ধরণ দেখে মনে হচ্ছিল এই মাত্রাটি আরও কম হবে। সেখানেই খটকা লাগে। ইদানিং ওর রক্তে সোডিয়ামের মাত্রা ১২০/১২২/১২৫ মিলিমোল/লিটার নেমে এসেছে। সে কারণে প্রায়ই তাকে চিকিৎসকের পরামর্শ নিতে হচ্ছিল।

“আল রাজী হাসপাতালের রিপোর্ট দেখে বেশ খুশিই হয়েছিলাম। কিন্তু রিপোর্টের বার্তা এবং তার শরীরের বাস্তব অবস্থার সঙ্গে অমিল থাকায় বিষয়টি নিয়ে ধাঁধাঁর মধ্যে পড়ে যাই। তাই ২৩ জুন রিপোর্ট হাতে পেয়ে সেদিনই অ্যাপোলো হাসপাতালে আবার পরীক্ষা করাই।”

মাত্র এক দিনের ব্যবধানে অ্যাপোলো হাসপাতাল ও আল রাজী হাসপাতালে পরীক্ষার প্রতিবেদনের মধ্যে পার্থক্য তুলে ধরে শিল্পী বলেন, অ্যাপোলোর প্রতিবেদনে সোডিয়ামের মাত্রা ১২৩ মিলিমোল/লিটার আসে।

“এছাড়া কিডনি পরীক্ষায় ক্রিয়েটিনিন সিরাম ২. ২৪ মিলিগ্রাম/ডেসিলিটার আসে, যেখানে আল রাজী হাসপাতালে রিপোর্টে দেখানো হয়েছিল ১.৭৪ মিলিগ্রাম/ডেসিলিটার।”    

আল রাজী হাসপাতালে অন্যের রক্তের নমুনাকে তার স্ত্রীর রক্ত হিসাবে ধরে নিয়ে পরীক্ষা করা হয়েছে অথবা তাদের টেকনিশিয়ান অদক্ষ বা পরীক্ষার সরঞ্জাম ত্রুটিপূর্ণ বলে মনে করছেন মুর্তজা বশীর। বিষয়টি নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে অভিযোগ করবেন বলেও জানান তিনি।

এ বিষয়ে আল রাজী হাসপাতালের ব্যবস্থাপক মো. হুমায়ুন কবিরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তাদের হাসপাতালে পরীক্ষায় এ ধরনের ভুল হওয়ার কথা নয়।

“তবে শিল্পী মর্তুজা বশীরের স্ত্রী আমেনা বশীরের ক্ষেত্রে কী ঘটেছে সেটা দুই হাসপাতালের রিপোর্টগুলো নিয়ে চিকিৎসকদের সঙ্গে আলাপ করে বলা যাবে।”