সীতাকুণ্ডে বৃদ্ধার হাত-পা বাঁধা লাশ উদ্ধার
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় এক বৃদ্ধার হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ।
লায়লা বেগম নামে ৭০ বছর বয়সী ওই নারী এক প্রবাসীর বাড়ি দেখাশোনা করতেন। সেই বাড়িতেই তিনি হত্যাকাণ্ডের শিকার হন।
ভাটিয়ারি ইউনিয়নের ইমাম নগরে ওই প্রবাসীর বাড়ি থেকে বৃহস্পতিবার বিকালে লাশটি উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
স্কটল্যান্ড প্রবাসী মোজ্জাম্মেল হক বিটুর বাড়িতে থাকতেন স্বামী-সন্তানহীন লায়লা বেগম। এছাড়া ওই বাড়িতে রীনা আক্তার নামে (১৭) অন্য এক গৃহকর্মীও থাকতেন।
সীতাকুণ্ড থানার এসআই নাজমুল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকালে স্থানীয়দের কাছ খেকে খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়।
লায়লাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন এই পুলিশ কর্মকর্তা।
“বাড়ির দুটি আলমারি ভাঙা পাওয়া গেছে। এছাড়া রান্না ঘরের টিনের চালও কাটা পাওয়া গেছে।”
জিজ্ঞাসাবাদের জন্য গৃহকর্মী রীনাকে আটক করা হয়েছে বলে জানান নাজমুল।
