শর্ত ছাড়াই রাজ্জাককে ফিরিয়ে আনা হয়েছে: বিজিবি প্রধান
কোনো শর্ত ছাড়াই মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী-বিজিপির কাছ থেকে নায়েক আবদুর রাজ্জাককে ফিরিয়ে আনা হয়েছে বলে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক আজিজ আহমেদ জানিয়েছেন।
আট দিন আগে নাফ নদী থেকে ধরে নেওয়ার পর বৃহস্পতিবার মিয়ানমারের মংডুতে প্রায় পাঁচ ঘণ্টা পতাকা বৈঠক করে রাজ্জাককে বিজিবি কর্মকর্তাদের কাছে হস্তান্তর করে বিজিপি।
এরপর বিকালে পিলখানায় বিজিবির সদরদপ্তরে সংবাদ সম্মেলনে বাহিনীর প্রধান আজিজ আহমেদ বলেন, ওই দিন নায়েক রাজ্জাক সীমান্ত অতিক্রম করে মিয়ানমারের জলসীমায় প্রবেশ করায় তাকে (রাজ্জাক) গ্রেপ্তার করা হয় এবং তিনি বিজিবির পোশাকে ছিলেন না বলে পতাকা বৈঠকে দাবি করেছে মিয়ানমার বর্ডার গার্ড পুলিশ (বিজিপি)।
“আমাদের পক্ষ থেকে তাদের এই বক্তব্যের তীব্র প্রতিবাদ করে বলা হয়, কোনো বিজিবি সদস্য পোশাক ছাড়া ডিউটি দেয় না। আর সেই দিন রাজ্জাক সীমান্ত অতিক্রম করেনি। বিজিপি সদস্যরাই পোশাক ছাড়া এসে আমাদের লোকজনের উপর হামলা করে রাজ্জাককে নিয়ে যায়।”
ফাইল ছবি
হাতকড়া পরা রাজ্জাকের ছবি ফেইসবুকে আপলোড করার বিষয়ে বিজিপির কাছে কৈফিয়ত চাওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, “এ বিষয়ে তদন্ত করবে বলে তারা জানিয়েছে।”
তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পর সে বিষয়ে বিজিবিকে জানানোর জন্য বিজিপিকে বলা হয়েছে বলে জানান আজিজ আহমেদ।
এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে ১৯৮০ সালে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত চুক্তি মেনে চলার বিষয়ে বৈঠকে জোর দেওয়া হয়েছে বলে বিজিবি মহাপরিচালক জানান।
তিনি বলেন, “এখন থেকে বিজিবি-বিজিপি তথ্য আদান-প্রদান করবে এবং সীমান্ত অতিক্রম করতে হলে তা একে-অপরকে জানিয়ে করবে।”
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে রাজ্জাকের ব্যক্তিগত হাতিয়ার, ২২ রাউন্ড গুলি ও অন্যান্য সরঞ্জামাদিসহ তাকে বিজিবির কাছে হস্তান্তর করে বিজিপি। পরে সন্ধ্যা পৌনে ৬টার দিকে রাজ্জাককে নিয়ে মিয়ানমার থেকে রওয়ানা দেয় বিজিবির প্রতিনিধি দল।
টেকনাফ স্থলবন্দরে বিজিবির নায়েক আবদুর রাজ্জাক
টেকনাফ ৪২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আবু জার আল জাহিদের নেতৃত্বে সাত সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দল এই পতাকা বৈঠকে অংশ নেন। মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের পক্ষে ছিলেন ১০ জন।
রোহিঙ্গাদের নিয়ে টানাপড়েনের মধ্যে গত ১৭ জুন কক্সবাজারের টেকনাফ সীমান্তে নাফ নদীতে গোলাগুলির পর বিজিবি সদস্য রাজ্জাককে ধরে নিয়ে যায় বিজিপি। ওই ঘটনায় সিপাহী বিপ্লব নামে আরেক বিজিবি সদস্য গুলিবিদ্ধ হন।
এরপর নায়েক রাজ্জাককে ফিরিয়ে দিতে মিয়ানমার অবৈধভাবে বিদেশ পাড়ি দিতে গিয়ে সাগর থেকে উদ্ধার ৫৫৫ জনকে বাংলাদেশে ফিরিয়ে আনার শর্ত দিয়েছিল বলে বিজিবি কর্মকর্তারা জানিয়েছিলেন।
