পালালেন সন্দেহভাজন, স্বজনদের পেটানোর অভিযোগ
এক সন্দেহেভাজনকে ধরতে গিয়ে তার মা, স্ত্রী ও ভাইকে পেটানোর অভিযোগ উঠেছে শরীয়তপুরের ভেদরগঞ্জ থানার এক সহকারী উপ পরিদর্শকের (এএসআই) বিরুদ্ধে।
বুধবার রাতে ভেদরগঞ্জ উপজেলার মহিষকান্দি গ্রামে এ ঘটনায় অভিযুক্ত এএসআই কামরুল হাসান মারধরের কথা অস্বীকার করলেও ‘কথা কাটাকাটি’ হয়েছে বলে দাবি করেন।
তবে আসামির পরিবারের লোকজনের সঙ্গে এএসআই-র ধাক্কাধাক্কিও হয়েছে বলে নিশ্চিত করেন ভেদরগঞ্জ থানার ওসি শেখ কবীর হোসেন।
এ ঘটনায় আহত আসামির মা পান্না বেগম (৬০), স্ত্রী বিলকিস আকতার (৩৫) ও ভাই আব্দুস সালাম দালালকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় মাহমুদা খাতুন বলেন, বুধবার রাতে ভেদরগঞ্জ থানার এএসআই কামরুল হাসান ও কনস্টেবল আব্দুল আজিজ মহিষকান্দ্রি গ্রামে গাঁজা বিত্রেুতাদের ধরতে যান।তাদের না পেয়ে একই এলাকার আব্দুল গনি দালালের বাড়িতে যান তারা।
তিনি অভিযোগ করেন, এসময় তারা গনি দালালের ছেলে মুদি দোকানদার ফারুককে আটক করে ৩০ হাজার টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকার করায় তাকে হাতকড়া পরানোর এক পর্যায়ে ফারুক ছুটে পালিয়ে যায়।
“এ সময় ফারুককে ধরতে না পেরে তার মা পান্না বেগম, স্ত্রী বিলকিস আকতার ও ভাই আব্দুস সালাম দালালকে পিটিয়ে গুরুতর জখম করে।”
ফারুক দালালের স্ত্রী বিলকিস আকতার বলেন, এএসআই কামরুল হাসান ও কনস্টেবল আজিজ বুধবার রাতে বাড়িতে এসে আমার স্বামীকে গাঁজা বিক্রেতা বলে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় তারা ৩০ হাজার টাকা চায়।
“এ পর্যায়ে আমার স্বামী পালিয়ে গেলে পুলিশ আমার শাশুড়ি, দেবর ও আমাকে বেদম মারপিট করে জখম করেছে।”
প্রতিবেশীরা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে বলে জানান তিনি।
একই সময় ওই গ্রামের রাসেল মোল্যাকে আটক করে ১৫ হাজার টাকার বিনিময়ে ছেড়ে দেয় বলে অভিযোগ করেন বিলকিস।
এএসআই কামরুল বলেন, “ফারুক হোসেন দালাল গাঁজা বিক্রি করে এমন খবর পেয়ে পুলিশ নিয়ে তাকে ধরতে গিয়েছি। এ সময় ফারুক পালিয়ে গেলে বাড়ির লোকজনের সঙ্গে কথা কাটাকাটি হয়েছে।
“আমি কাউকে মারধর করিনি।”
এ ব্যাপারে ভেদরগঞ্জ থানার ওসি শেখ কবীর হোসেন বলেন, “আসামি ধরতে গিয়ে তাকে ধরতে পারেনি, পালিয়ে গেছে।
“তার পরিবারের লোকজনের সঙ্গে কথা কাটাকাটির ও ধাক্কাধাক্কি হয়েছে মাত্র।”
তবে কাউকে আটক করে টাকার বিনিময় ছেড়ে দিয়েছে কি না তা তার জানা নাই বলে জানিয়েছেন ওসি।
