‘আটক বাণিজ্যে’ এসআই ধরা
চট্টগ্রামে ডিবি পরিচয়ে এক বীমা কর্মকর্তাকে আটক রেখে অর্থ চাওয়ার সময় ধরা পড়েছেন শিল্প পুলিশের এক এসআই।
চট্টগ্রামের শিল্প পুলিশ-৩ এ কর্মরত মাহবুবুর রহমান নামে ওই উপপরিদর্শককে বৃহস্পতিবার সকালে কোতোয়ালি থানা পুলিশ ধরে আনে।
বিকালে তাকে শিল্প পুলিশের হাতে তুলে দেওয়া হয় বলে কোতোয়ালি থানার ওসি জসীম উদ্দিন জানিয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা এসআই মাহবুবকে থানায় নিয়ে আসি। পরে তাকে শিল্প পুলিশের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করি। তারা আইন অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা নেবে।”
চট্টগ্রাম শিল্প পুলিশ-৩ এর পরিচালক তোফায়েল আহমেদ মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এসআই মাহবুবের বিরুদ্ধে অভিযোগ তদন্ত করা হবে। তদন্তে দোষী সাব্যস্ত হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
বীমা কর্মকর্তা জিয়াউল করিমকে (৩০) আটকে অর্থ চাওয়ার অভিযোগে সকালে তিনপুল এলাকায় ডাচ বাংলা ব্যাংক থেকে আটক করা হয় এসআই মাহবুবকে।
জিয়াউল সোনালী লাইফ ইন্স্যুরেন্সের বিভাগীয় সম্বন্বয়ক (ডিভিশনাল কো-অর্ডিনেটর) হিসেবে কর্মরত। তিনি বলেন, তাকে নগরীর টাইগার পাস এলাকা থেকে ওই এসআই ধরে নিয়েছিল।
জিয়াউল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হালিশহর এল ব্লক এলাকায় বন্ধুর বাসায় যাওয়ার জন্য সুগন্ধা আবাসিক এলাকা থেকে বেরিয়েছিলেন তিনি। ভোর ৪টার দিকে টাইগার পাস এলাকায় যাওয়ার পর এসআই মাহবুব ও তার এক সহযোগী তাকে আটকে একটি অটো রিকশায় তুলে নেন।
“তারা আমাকে কদমতলী রেল লাইনের পাশে নিয়ে যায়। এসময় সে (মাহবুব) নিজেকে ডিবি পুলিশের সদস্য পরিচয় দিয়ে আমাকে গ্রেপ্তারের হুমকি দিয়ে হ্যান্ডকাপ লাগিয়ে ৫০ হাজার টাকা দাবি করে।”
এরপর রেল স্টেশন সংলগ্ন হোটেল মার্টিনের একটি কক্ষে নিয়ে অর্থের জন্য পরিবারের সদস্যদের ফোন করতে চাপ দেওয়া হয় বলে জিয়াউল জানান।
এসআই ও তার সহযোগীকে টাকা দেওয়ার কথা বলে নগরীর তিনপুল এলাকার ডাচ বাংলা ব্যাংকে নিয়ে যান জিয়াউল, সেখান থেকে কৌশলে কোতোয়ালি থানায় ফোন করেন তিনি।
তখন পুলিশ গিয়ে এসআই মাহবুব ও তার সঙ্গী ফরিদুল আলমকে (২৮) থানায় নিয়ে আসে। এরপর শিল্প পুলিশের কর্মকর্তারাও থানায় যান।
ফরিদ কক্সবাজারের নুনাছড়া এলাকার বাসিন্দা। মাছ ধরার ট্রলারে কাজ করলেও বর্তমানে সাগরে মাছ ধরা নিষেধ থাকায় তিনি বেকার।
মঙ্গলবার চট্টগ্রাম এসেছেন জানিয়ে ফরিদ বলেছেন, বুধবার রাতে বরিশাল কলোনি এলাকায় ইয়াবা সেবন করতে গেলে সেখানে মাহবুবের সঙ্গে তার পরিচয় হয়।
“রাতে মাহবুব এক মাদকসেবীর কাছ থেকে ৩০ টাকায় একটি জিন্স প্যান্ট কিনে দিয়ে টাইগার পাস এলাকায় নিয়ে যান। সেখানে জিয়াউলকে ধরে অটো রিকশায় তুলে বিভিন্ন স্থানে ঘুরিয়ে হোটেলে নিয়ে যান।”
এসআই মাহবুবকে শিল্প পুলিশের কাছে হস্তান্তর করা হলেও ফরিদুলকে থানায় আটকে রাখা হয়েছে।
কোতোয়ালি থানার এসআই মইনউদ্দিন বলেন, ফরিদুলের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। তার বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।
