মিয়ানমার নিয়ে সংসদে রুদ্ধদ্বার বৈঠকের দাবি
মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর (বিজিপি) হাতে বিজিবির নায়েক রাজ্জাকের আটক হওয়ার প্রেক্ষাপটে সংসদে ‘রুদ্ধদ্বার’ বৈঠকের দাবি উঠেছে।
মঙ্গলবার জাতীয় সংসদে বাজেট আলোচনায় অংশ নিয়ে জাসদের সংসদ সদস্য মঈন উদ্দীন খান বাদল।
তিনি বলেন, “সকল আন্তর্জাতিক নিয়ম-নীতি অস্বীকার করে মিয়ানমার যেভাবে গাছের সঙ্গে হাতকড়া পরিয়ে রেখেছে.. ইট ইজ ভেরি ইনসাল্টিং ফর আস।
“মিয়ানমার বিষয়ে এই সংসদে একটি রুদ্ধদ্বার বৈঠকের আহ্বান জানাচ্ছি। আমাদের কিছু বলার আছে।”
জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধিতে সংসদে ‘গোপন বৈঠকের’ বিধান রয়েছে। সংসদ নেতার অনুমোদন নিয়ে স্পিকার এমন বৈঠকের জন্য দিন বা সময় নির্ধারণ করতে পারেন। এসময় স্পিকারের অনুমতি ছাড়া কেউ অধিবেশন কক্ষে থাকতে পারেন না।
গত ১৭ জুন কক্সবাজারের টেকনাফ সীমান্তে নাফ নদীতে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপির গুলিতে আহত হন বিজিবি সদস্য বিপ্লব। সে সময় রাজ্জাককে ধরে নিয়ে যায় বিজিপি।
বিজিপির ফেইসবুক পেইজে নায়েক রাজ্জাকের দুটো ছবি প্রকাশ করা হয়, যাতে তাকে রক্তাক্ত অবস্থায় হাতকড়া হাতে দেখা যায়।
ঘটনার ঢাকায় মিয়ানমারের দূতকে তলব করে রাজ্জাককে ফেরত দিতে পদক্ষেপ নিতে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বিজিবির মাধ্যমে পতাকা বৈঠক করে রাজ্জাককে ফেরত আনার চেষ্টা চলছে বলে জানালেও এবিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।
কয়েকদিন ধরেই বিজিবি নায়েক রাজ্জাকের আটকের বিষয় নিয়ে সংসদে কথা বলছেন সদস্যরা।
বিজিপির ফেইসবুক পেইজে প্রকাশিত নায়েক রাজ্জাকের ছবি
সংসদে বাজেট আলোচনায় সরকারি কর্মকর্তাদের কাজের সমালোচনাও করেন জাসদের কার্যকরী সভাপতি বাদল।
তিনি আইন-শৃঙ্খলা-বাহিনী, নির্বাচন কমিশনসহ সব সাংবিধানিক প্রতিষ্ঠানের নিরপেক্ষতা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান।
অর্থমন্ত্রীর উদ্দেশ্যে জাসদের এই সংসদ সদস্য বলেন, “এমন অবস্থা তৈরি করবেন না যাতে লাভ শুধু ব্যক্তির হবে আর লোকসান কেবল রাষ্ট্রের।”
