বিজিবির সক্ষমতা নিয়ে প্রশ্ন সাংসদ হাজি সেলিমের
মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর হাতে বাংলাদেশের একজন বিজিবি সদস্য আটক হওয়ায় দেশের সীমান্ত রক্ষায় নিয়োজিত এ বাহিনীর সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছেন একজন সাংসদ।
স্বতন্ত্র সংসদ সদস্য হাজি সেলিম সোমবার জাতীয় সংসদে বিজিপির হাতে আটক নায়েক আব্দুর রাজ্জাকের হাতকড়া পরা ছবির কথা উল্লেখ করে বলেন, “তাকে (রাজ্জাক) হাতকড়া পরিয়ে রাখা হয়েছে, মানে ১৬ কোটি বাঙালিকে হাতকড়া পরিয়ে রাখা হয়েছে। সারা বাংলাদেশকে হাতকড়া পরিয়ে রাখা হয়েছে।”
বিজিবির সক্ষমতা থাকলে এমন ঘটনা ঘটত না বলে মন্তব্য করেন পুরান ঢাকার এই এমপি।
তিনি বলেন, “তারা কি করে? তারা শক্তিশালী না। শক্তিশালী হলে এমন হতো না। কি কাজ করছে? কোটি কোটি টাকা খরচ করে...বাজেট দিচ্ছি তাদের। এর একটা বিহিত চাই। সরকারের ভাবমূর্তি ক্ষূণ্ন হচ্ছে।”
কক্সবাজারের টেকনাফ সীমান্তে নাফ নদীতে গোলাগুলির পর গত ১৭ জুন বিজিবি সদস্য রাজ্জাককে ধরে নিয়ে যায় মিয়ানমারের সীমান্ত রক্ষী বাহিনী বিজিপি। ওই ঘটনায় বিজিবির আরেক সদস্য সিপাহী বিপ্লব গুলিবিদ্ধ হন।
রাজ্জাককে ধরে নেওয়ার পরদিন ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে পাঠানো হয় এবং অপহৃত বিজিবি সদস্যকে দ্রুত ফেরত পাঠাতে বলা হয়।
রাজ্জাককে ফেরাতে বিজিবির পক্ষ থেকে কয়েক দফা পতাকা বৈঠকের আহ্বান জানানো হলেও মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা না পাওয়ায় সেই বৈঠক আর হয়নি।
এরই মধ্যে বিজিপির ফেইসবুক পেইজে নায়েক রাজ্জাকের দুটো ছবি প্রকাশ করা হয়, যাতে তাকে রক্তাক্ত অবস্থায় হাতকড়া হাতে দেখা যায়।
এই অবস্থায় রাজ্জাকের স্ত্রী আসমা বেগম রোববার সকালে এক পুত্র সন্তানের জন্ম দিলে বিষয়টি সংবাদের শিরোনাম হয়। সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতেও মিয়ানমারের সমালোচনা করেন অনেকে।
সংসদে অনির্ধারিত আলোচনায় হাজী সেলিম বলেন, “রাজ্জাককে ফেরত না দিয়ে, কোনো কূটনৈতিক আলোচনা না করে, ফ্ল্যাগ মিটিং না করে তাকে আটকে রাখা হয়েছে।
“এরপর বিজিপির ফেইসবুকে ছবি আপলোড করা হয়েছে। এর একটিতে দেখা যায় রাজ্জাকের নাক দিয়ে রক্ত বের হচ্ছে। আর একটিতে বিজিপি পেছনে দাঁড়িয়ে আছে। সামনে তার (রাজ্জাক) অস্ত্র, তাকে আসামির মতো দাঁড় করিয়ে রাখা হয়েছে।”
মিয়ানমারের সমালোচনা করে এই সাংসদ বলেন, “সারা বিশ্বে একটা কলঙ্কের নাম মিয়ানমারের বিজিপি। চোরাচালান, মাদক ইয়াবা ব্যবসায় তারা জড়িত।”
বিজিবির ভাষ্য অনুযায়ী, বিজিবি সদস্যরা ইঞ্জিনচালিত নৌকায় করে একটি মাছ ধরার ট্রলার থামিয়ে তল্লাশি করছিলেন।
এ সময় পূর্ব দিক থেকে আরেকটি ট্রলারে করে মিয়ানমারের বিজিপি বাহিনীর সদস্যরা এসে বিজিবির নৌকায় গুলি চালায়। এরপর বিজিবি সদস্যরাও গুলি ছুড়ে জবাব দেয়।
পতাকা বৈঠকের উদ্যোগ চলছে জানিয়ে বিজিবি টেকনাফ ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুজার আল জাহিদ শনিবারও বলেছিলেন, “নায়েক আব্দুর রাজ্জাককে ফেরত দিতে বিজিপি রাজি হয়েছে। এ নিয়ে মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো নির্দেশনা না পাওয়ায় পতাকা বৈঠকের ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারছে না বিজিপি।”
