২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সীমান্তে গুলি-অপহরণ ঘটনায় মিয়ানমারের দূতকে তলব

টেকনাফ সীমান্তে নাফ নদীতে গুলিবর্ষণের ঘটনায় ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডেকে নিয়ে একদিন আগে ধরে নেওয়া বিজিবি সদস্যকে দ্রুত ফেরত পাঠাতে বলেছে বাংলাদেশ সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2015, 07:15 PM

Updated : 22 Aug 2022, 12:37 PM

রাষ্ট্রদূত মিও মিন্ট থানকে বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়। তাকে নিজ দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করে আটক বিজিবি সদস্যকে ছাড়ানোর ব্যবস্থা নিতে বলা হয়।

“তিনি সঙ্গে সঙ্গেই তার দেশে যোগাযোগ করেছেন। আমরা আশা করছি, নে পি দো দ্রুত কার্যকর ব্যবস্থা নেবে,” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন মন্ত্রণালয়ের এই বিষয় সংশ্লিষ্ট এক কর্মকর্তা।

গত এক মাসে এনিয়ে দ্বিতীয়বার তলব করা হল মিও মিন্ট থানকে। বাংলাদেশের মানুষ দেশান্তর বাধ্য হচ্ছে- মিয়ানমারের রাখাইন প্রদেশের এক মন্ত্রীর এই বক্তব্যের পর এ মাসের শুরুতে রাষ্ট্রদূতকে ডেকে নেওয়া হয়েছিল।

এবার তলবের কারণ বুধবার টেকনাফ সীমান্তে নাফ নদীতে মিয়ানমারের সীমান্ত রক্ষীদের গুলিবর্ষণ। এতে বিজিবির সিপাহি বিপ্লব আহত হন। তিনি চট্টগ্রামের সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন।

তখনই ধরে নেওয়া হয় নায়েক রাজ্জাককে। তাকে নাফ নদীর মিয়ানমার অংশে মিয়ানমারের সীমান্ত রক্ষা বাহিনী- বিজিপির একটি ক্যাম্পে রাখা হয়েছে বলে বিজিবি কর্মকর্তারা জেনেছেন।

তবে দুই পক্ষে ভুল বোঝাবুঝির কারণে ওই গোলাগুলি হয়েছিল বলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বুধবারই জানান। বিজিবি কর্মকর্তারাও একই কথা বলেন।

বিজিবি টেকনাফ ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুজার আল জাহিদ জানান, ইঞ্জিনচালিত নৌকায় করে বিজিবির একটি দল ভোরে নাফ নদীর জাদিমুরা পয়েন্টে টহল দিচ্ছিল।

ইয়াবা থাকতে পারে এই সন্দেহে একটি মাছ ধরার ট্রলার থামিয়ে তল্লাশি করছিলেন তারা। ওই সময় পূর্ব দিক থেকে আরেকটি ট্রলারে করে বিজিপি বাহিনীর সদস্যরা এসে বিজিবির নৌকায় গুলি চালায় বলে লেফটেন্যান্ট কর্নেল জাহিদ জানান।

তিনি বলেন, “ওরা গুলি করার পর বিজিবি সদস্যরাও গুলি ছুড়ে জবাব দেয়। মানবপাচারকারী বা চোরাচালানি মনে করে বিজিপি গুলি করায় ভুল বোঝাবুঝিতে অনাকাঙ্ক্ষিত এই গোলাগুলির ঘটনা ঘটে।”

পুরনো খবর:

টেকনাফে গোলাগুলি ‘ভুল বোঝাবুঝি’ থেকে: প্রতিমন্ত্রী
মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব