২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছড়িয়ে পড়া তেল কিনবে বিপিসি, লিটারে দেবে ৬০ টাকা

চট্টগ্রামের বোয়ালখালীতে দুর্ঘটনাকবলিত ট্রেনের বগি থেকে নদী-খালে ছড়িয়ে পড়া ফার্নেস অয়েল স্থানীয়দের কাছ থেকে প্রতি লিটার ৬০ টাকায় কিনে নেবে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2015, 04:06 PM

Updated : 12 Oct 2022, 03:54 PM

রোববার রেলপথ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ফিরোজ সালাহ্ উদ্দিনের সঙ্গে দুর্ঘটনাস্থল পরিদর্শন করে চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন এ তথ্য জানান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুর্ঘটনাকবলিত ট্রেনের ওয়াগন থেকে খালে ছড়িয়ে পড়া তেলে যাতে পরিবেশ দূষণ না হয় সেজন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। বেশি এলাকায় তেল ছড়িয়ে না পড়ার জন্য শ্রমিক দিয়ে কাজ করানো হচ্ছে।”

বিপিসির কর্মকর্তারা ঘটনাস্থলে আছেন জানিয়ে তিনি বলেন, তারা স্থানীয় লোকজনের কাছ থেকে এসব তেল কিনবেন।

সকালে ৩০ টাকা দরে তেল কিনে নেওয়ার কথা বলেছিলেন জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন। রাতে তিনি বলেন, তেল কেনা হবে ৬০ টাকা দরে। 

জেলা প্রশাসক সার্কিট হাউসে সাংবাদিকদের বলেন, “সকালে জ্বালানি সচিবের নির্দেশে পানি থেকে তোলা প্রতি লিটার তেল স্থানীয়দের কাছ থেকে ৩০ টাকায় কেনার ঘোষণা দিয়ে আমরা মাইকিং করেছিলাম।

“বিকালে বিপিসি চেয়ারম্যান নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তখন তিনি জ্বালানি প্রতিমন্ত্রীর নির্দেশে তেল সংগ্রহে স্থানীয়দের সম্পৃক্ততা বাড়াতে তা ৩০ টাকা থেকে বাড়িয়ে ৬০ টাকায় কেনার ঘোষণা দেন।”

তবে দুর্ঘটনার পর দুই দিন পার হলেও কেউ তেল জমা দেয়নি বলে জানান জেলা প্রশাসক। তবে তিনি আশা করছেন, আগামী দুই-তিন দিনের মধ্যে স্থানীয়রা তেল জমা দেবেন।

তেল সংগ্রহকারীদের স্বাস্থ্যগত কোনো সমস্যা হচ্ছে কি না, তা পর্যবেক্ষণের জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক।

শনিবার বিকালেই স্থানীয়দের সহযোগিতায় নদী ও খাল থেকে তেল অপসারণের কাজ শুরু হয়। রোববার দুপুরেও ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজন, রেলওয়ে ও প্রশাসনের নিয়োজিত শ্রমিকদের খালে ছড়িয়ে পড়া ফার্নেস তেল অপসারণ করতে দেখা গেছে।

এছাড়া খালে ডুবে যাওয়া তেলের ওয়াগন দুটি উদ্ধারেও কাজ চলছে।

শুক্রবার দুপুরে বোয়ালখালীর খিতাপচর এলাকায় দোহাজারী পিকিং পাওয়ার প্ল্যান্টের জন্য ফার্নেস অয়েল নিয়ে যাওয়ার সময় চট্টগ্রাম-দোহাজারী রেল লাইনের ২৪ নম্বর সেতু ভেঙে দুটি ওয়াগন খালে ডুবে যায় এবং একটি কাত হয়ে পড়ে।

ইঞ্জিনটিও সেতুর অদূরে গিয়ে কাত হয়ে যায়। ওয়াগন তিনটিতে থাকা তেল খালের পানিতে ছড়িয়ে পড়ে। জোয়ার-ভাটায় এসব তেল কর্ণফুলী নদীতে গিয়েও মিশছে।  

শনিবার বিকালে ওই এলাকা ঘুরে পরিবেশ অধিদপ্তরের এক কর্মকর্তা জানান, প্রায় ২৫ কিলোমিটার এলাকাজুড়ে কর্ণফুলী নদী ও সংলগ্ন খালগুলোতে তেল ছড়িয়ে পড়েছে।

এসব তেলে কর্ণফুলী নদীতে বিরূপ প্রভাব পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

দুর্ঘটনাস্থল পরিদর্শনে আসা রেলওয়ের মহাপরিচালক আমজাদ হোসেন সাংবাদিকদের বলেন,  ওয়াগন দুটি তুলে সেতুটি  মেরামত করা হবে। যারা সেতুটি তদারকির দায়িত্বে ছিলে তারা যথাযথভাবে দায়িত্ব পালন করেননি।

এই লাইনে ৩২ টি রেলসেতু সংস্কার প্রকল্পের আওতায় নতুন করে নির্মাণ ও সংস্কার করা হবে বলে জানান তিনি।