এএসআইয়ের ‘এলিয়ন’ গাড়িতে ৭ লাখ ইয়াবা
ফেনীতে এক শিশুকে ধাক্কা দিয়ে পালানোর সময় এক প্রাইভেট কার ধাওয়া দিয়ে প্রায় সাত লাখ ইয়াবাসহ পুলিশের এক এএসআইসহ দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাব-৭ এর সহকারী পরিচালক এএসপি সোহেল মাহমুদ জানান, শনিবার মধ্যরাতে ফেনীর লালপোল এলাকা থেকে জব্দ করা কালো রঙের ‘এলিয়ন’ মডেলের প্রাইভেট কারটির মালিক ওই পুলিশ সদস্য।
আটক মো. মাহফুজুর রহমান (৩৫) পুলিশের বিশেষ শাখার (এসবি) কারিগরি শাখায় এএসআই হিসেবে কর্মরত (বিপিনং- ৮০০১০৬৩১১৯)। আর জাবেদ আলী (২৯) তার গাড়ির চালক।
মাহফুজুর কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানার মিরপুর এলাকার জামশেদ মিয়ার ছেলে ও জাবেদ ব্রাহ্মণবাড়িয়া সদরের বাদুগড় এলাকার ওমর আলী ভূইয়ার ছেলে।
র্যাব কর্মকর্তা সোহেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, লালপোলে শিশুকে ধাক্কা দিয়ে পালিয়ে যাচ্ছে বলে খবর পেয়ে ফেনী ক্যাম্পের একটি টহল দল ধাওয়া দিয়ে কালো রঙের এলিয়ন প্রাইভেট কার ধরে ফেলে। গাড়িতে মাহফুজুর ও তার চালক জাবেদ বসা ছিলেন।
“গাড়িটি ফেনী ক্যাম্পে নিয়ে তল্লাশি করে ছয় লাখ ৮০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়, যার আনুমানিক মূল্য ২৭ কোটি ২০ লাখ টাকা।”
এছাড়া দুজনের কাছ থেকে সাত লাখ টাকা, চারটি মোবাইল ফোন এবং আটটি ক্রেডিট কার্ড উদ্ধার করা হয়। আর গাড়িতে পাওয়া যায় মাদক বিক্রির টাকার হিসাবসম্বলিত তিনটি নোট বুক।
সোহেল বলেন, “এসব নোট বুকে ১৪ জন ব্যক্তির সঙ্গে বিভিন্ন সময় ইয়াবা বাবদ ২৮ কোটি ৪৪ লাখ ১৩ হাজার টাকা লেনদেনের হিসাব পাওয়া যায়।”
এই র্যাব কর্মকর্তা জানান, জিজ্ঞাসাবাদে মাহফুজুর জানায় ২০১১ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত টেকনাফ থানায় চাকরি করার সময় বিভিন্ন ইয়াবা ব্যবসায়ীর সঙ্গে তার সখ্যতা গড়ে ওঠে।
“মাহফুজুর জানিয়েছে- উদ্ধার হওয়া ইয়াবার চালানটি কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশের এএসআই মো. বেলাল এবং কুমিরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. আশিক তাকে ঢাকায় পৌঁছে দিতে বলে।”
ঢাকায় মাহফুজুরের কাছ থেকে হাইকোর্টের এক আইনজীবীর মুহুরী মো. মোতালেব, অ্যাডভোকেট জাকির, কনস্টেবল শাহীন, কাসেম ও গিয়াস বুঝে নেওয়ার কথা ছিল বলে জানান সোহেল।
পরে র্যাব-৭ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবারের চালানটিসহ চলতি বছর মোট ২২ লাখ এক হাজার ৩৭৮ পিস ইয়াবা উদ্ধার হয়েছে।
