ব্রাজিলের গম আর নয়: খাদ্যমন্ত্রী
প্রথমবারের বিরূপ অভিজ্ঞতায় ব্রাজিল থেকে আর গম আমদানি না করার কথা বলেছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।
ব্রাজিলের গম আমদানির পর তা নিয়ে ব্যাপক সমালোচনার মধ্যে শনিবার তিনি সংসদে বলেন, “এটা আমরা আর আনব না। এই গম দেখতেই খারাপ লাগছে।”
তবে আমদানি করা গম পচা বলে গণমাধ্যমে কথা উঠলেও তা এখনও পরীক্ষায় প্রমাণিত নয় বলে জানান মন্ত্রী।
“কেউ পরীক্ষা করে দেখছে না। আমাদের সৎ সাহস আছে বলে আমরা আবার পরীক্ষা করছি। পরীক্ষার রিপোর্ট পেলে আমরা প্রয়োজনে এই গম নষ্ট করে ফেলব।”
চূড়ান্ত পরীক্ষার প্রতিবেদন হাতে পাওয়ার আগে এই বিষয়ে আর মুখ খুলবেন না, জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া বক্তব্যে বলেছেন কামরুল।
ব্রাজিল থেকে দুই লাখ টন গম আমদানির কারণ ব্যাখ্যা করতে গিয়ে ইউক্রেইন সঙ্কটকে দায়ী করেন তিনি।
কামরুল বলেন, গত সরকার আমলে ৫ লাখ টন গম আমদানির জন্য ইউক্রেইনের সঙ্গে বাংলাদেশের সমঝোতা হয়েছিল। তিনি খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর নতুন করে আড়াই লাখ টন গম আমদানির উদ্যোগ নেওয়া হয়।
“কয়েক দফা মিটিংয়ে দাম ও মান চূড়ান্ত করার পর ইউক্রেইনের সঙ্গে রাশিয়ার পরিস্থিতি খারাপ হতে থাকে। এই সময়ে দেশটি হঠাৎ যোগাযোগ বন্ধ করে দেয়।”
এই সময় বাংলাদেশের গমের মজুদ ৬৮ হাজার টনে নেমে আসায় দ্রুত আমদানির জন্য দরপত্র আহ্বান করা হয়।
“সেখানে সর্বনিম্ন দরদাতা দুই প্রতিষ্ঠান ব্রাজিলের গম দিতে চায়। আমাদের এই গম কেনার অভিজ্ঞতা ছিল না। তবে যে স্যাম্পল আমাদেরকে দেওয়া হয়েছিল, সেগুলো আমরা পরীক্ষা করে দেখি। এই গম লাল ও দানাগুলো ছোট।”
“এই গমে আমাদের অভিজ্ঞতা নতুন হওয়ায় সায়েন্স ল্যাব ও আরও এক জায়গায় পরীক্ষা করিয়েছি। তবে পরীক্ষায় আমরা দেখি, এগুলো খাওয়ার অনুপযোগী নয়।”
তিনি বলেন, “এর মধ্যে এই গমের খুবই খারাপ কিছু স্যাম্পল কে বা কারা প্রধানমন্ত্রীকে পৌঁছে দেয়। সেটা দেখে খুব স্বাভাবিকভাবেই প্রধানমন্ত্রী উষ্মা প্রকাশ করেন।”
বিষয়টি নিয়ে কথা বলতে সচিবসহ প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন বলেও জানান মন্ত্রী।
মন্ত্রী বলেন, “এর মধ্যে আমাদের গম জেলায় জেলায় গোডাউনে চলে গেছে। বেশি একটা কথাবার্তা ছাড়া ৩০-৪০ হাজার টন গম চলেও যায়।
“জোর করে আমরা এই গম দিচ্ছি না। এর মাঝে এত কথা-বার্তা হচ্ছে। এগুলোর কোনো ভিত্তি নাই।”
সমালোচনা ওঠার পর জেলায় জেলায় চিঠি পাঠিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছ থেকে নমুনা পাঠাতে বলে খাদ্য মন্ত্রণালয়।
“১৫-১৬ জেলার স্যাম্পল আমরা পেয়েও গেছি। এগুলো আমরা ল্যাবরেটারি টেস্ট করব।”
