চাঁদপুরে মেঘনা নদীর ভাঙন
মেঘনা নদীর পানি বেড়ে চাঁদপুরের হরিনা ফেরিঘাট থেকে হাইমচর উপজেলার কাটাখালী পর্যন্ত এলাকায় বেশকিছু স্থাপনা ভেঙে গেছে।
এতে ছয়টি বসতঘর, বেশকিছু গাছপালা ও ফসলি জমি নদীতে তলিয়ে গেছে।
এছাড়া হুমকির মুখে থাকা চাঁদপুর-শরীয়তপুর রুটের ফেরি চলাচল যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে বলে বিআইডব্লিউটিসি জানিয়েছে।
বিআইডব্লিউটিসির চাঁদপুর হরিনা ফেরিঘাটের কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, মেঘনা নদীর ভাঙনে হুমকির মুখে রয়েছে রয়েছে স্থানীয় দোকানপাট, বসতঘর ও ফসলি জমি।
ফেরিঘাট সংলগ্ন যানবাহন রাখার স্ট্যান্ডটিও যে কোনো সময় মেঘনা গর্ভে বিলীন হয়ে যেতে পারে।
সাইফুল ইসলাম বলেন, “জরুরিভিত্তিতে ভাঙন প্রতিরোধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।”
এ বিষয়ে চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রফিক উল্যা জানান, চাঁদপুরের হরিনা ফেরিঘাট থেকে হাইমচর পর্যন্ত প্রায় ২ কিলোমিটার নদীতীর রক্ষার জন্য ইতোমধ্যে একটি প্রকল্প মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে।
প্রকল্পটি অনুমোদন পেলে ভাঙন প্রতিরোধে স্থায়ীভাবে ব্যবস্থা নেওয়া হবে।
হরিনা ফেরিঘাট এলাকায় ভাঙন প্রতিরোধে আপাতত বালিভর্তি ব্যাগ ফেলার ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি।
