২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কনস্টেবলকে ধর্ষণ: সেই এএসআই কক্সবাজারে গ্রেপ্তার

রাজধানীতে নারী পুলিশ কনস্টেবলকে ধর্ষণের ঘটনায় তার সাবেক স্বামী পুলিশের এএসআই কলিমুর রহমানকে কক্সবাজার থেকে গ্রেপ্তার করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2015, 03:59 PM

Updated : 22 Aug 2022, 12:37 PM

কক্সবাজার সদর থানার ওসি কাজী মতিউল ইসলাম জানান, বুধবার সকালে জেলার কলাতলী এলাকা থেকে ঢাকার খিলগাঁও থানার ওই পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়।

“সকাল ১০টার দিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একদল সদস্য তাকে কলাতলী থেকে আটক করে নিয়ে যায়।”  

খিলগাঁও তিলপাপাড়ার একটি বাসায় গত ১১ জুন রাতে ওই ধর্ষণের ঘটনা ঘটে বলে সেই নারী কনস্টেবলের অভিযোগ। ঘটনাস্থল থেকে খিলগাঁও থানা মাত্র ৫০০ গজ দূরে।  

তার বড় বোন গত ১৩ জুন ঢাকার খিঁলগাও থানায় এএসআই কলিমুরসহ অজ্ঞাতপরিচয় পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন। এতে বলা হয়, কয়েকজন বন্ধুকে সঙ্গে নিয়ে কলিমুর তার সাবেক স্ত্রীকে ধর্ষণ করেন।

মামলা হওয়ার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) সেই নারী কনস্টেবলের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। সেখানে ধর্ষণের আলামত পাওয়া গেছে বলে ওসিসির সমন্বয়ক ডা. বিলকিস বেগম ইতোমধ্যে জানিয়েছেন। 

সেই কনস্টেবলের বড় বোন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চার বছর আগে তার বোনের সঙ্গে সেই এএসআইয়ের বিয়ে হয়েছিল। বিয়ের তিন বছর পর ১০ লাখ টাকা যৌতুক দাবি করে এবং ‘আজেবাজে’ কথা বলে তার বোনকে পুলিশের চাকরি ছেড়ে দেওয়ার জন্য চাপ দিচ্ছিলেন তার স্বামী। এসব নিয়ে এক বছর আগে তাদের বিচ্ছেদ ঘটে।

ওই ঘটনা নিয়ে স্বামীর বিরুদ্ধে ওই নারী কনস্টেবল আদালতে মামলা করেছিলেন বলেও জানান তার বোন।

স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর গাজীপুরে মায়ের সঙ্গে থাকছিলেন ওই নারী কনস্টেবল। গত ১১ জুন রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে চিকিৎসার জন্য আসার পর সাবেক স্বামী তাকে ধরে তিলপাপাড়ার ওই বাসায় নিয়ে যায় বলে তার পরিবারের অভিযোগ।

মামলার তদন্ত কর্মকর্তা কবিরুল ইসলাম জানান, এএসআই কলিবুর এপিবিএন-এ যোগ দেওয়ার জন্য খিঁলগাও থানা থেকে ১১ জুন ছাড়পত্র নেন। এর পর থেকে তিনি পলাতক ছিলেন।

পুরনো খবর:

নারী কনস্টেবলকে ধর্ষণের আলামত মিলেছে
পুলিশ কনস্টেবল ‘ধর্ষিত’, ‘ধর্ষণকারী’ এএসআই