নারী কনস্টেবলকে ধর্ষণের আলামত মিলেছে
রাজধানীর সেই নারী পুলিশ কনস্টেবলের ডাক্তারি পরীক্ষায় ধর্ষণের আলামত মিলেছে। এই নারীর অভিযোগ তার সাবেক স্বামী পুলিশের এক এএসআইর বিরুদ্ধে।
ধর্ষণের অভিযোগ তোলার পর গত ১২ জুন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন এই নারী। সেখানেই তার ডাক্তারি পরীক্ষা হয়।
হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের সমন্বয়ক ডা. বিলকিস বেগম মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আজ দুপুরে ফরেনসিক বিভাগ থেকে স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদনটি ওসিসিতে এসেছে। সেখানে নারী পুলিশ কনস্টেবলকে ধর্ষণ করা হয়েছে এমন আলামত পাওয়া গেছে।”
ওই নারী পুলিশ কনস্টেবলের বড় বোন গত ১৩ জুন তার সাবেক ভগ্নিপতি ওই পুলিশ কর্মকর্তাসহ অজ্ঞাত পরিচয়ের পাঁচজনের বিরুদ্ধে তার বোনকে ধর্ষনের অভিযোগ এনে খিঁলগাও থানায় মামলা করেন।
খিলগাঁও তিলপাপাড়ার একটি বাসায় গত ১১ জুন রাতে সাবেক স্বামী ও তার কয়েকজন বন্ধু মিলে ওই নারীকে ধর্ষণ করে বলে মামলায় বলা হয়েছে। ওই নারীর সাবেক স্বামী সহকারী উপ-পরিদর্শক হিসেবে খিলগাঁও থানায় কর্মরত।
বুধবার সকালে মামলার তদন্ত কর্মকর্তা কবিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, “মামলার প্রধান আসামি খিঁলগাও থানা থেকে ১১ জুন লিভ নিয়ে এপিবিএন-এ যোগ দিতে থানা ত্যাগ করেন। সে এখন পতালক, পুলিশ তাকে খুঁজছে।”
ডা. বিলকিস বলেন, “মেয়েটি গণধর্ষণের শিকার হয়েছিলেন কি না, তাও পরীক্ষা করা হচ্ছে। আগামী দুই সপ্তাহের মধ্যে প্রতিবেদন পাওয়া যাবে।”
রাজধানীর একটি থানার ওই পুলিশ সদস্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়ে এখন রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে ভর্তি রয়েছেন।
স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর গাজীপুরে মায়ের সঙ্গে থাকেন ওই নারী কনস্টেবল। গত ১১ জুন রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে চিকিৎসার জন্য আসার পর সাবেক স্বামী তাকে ধরে তিলপাপাড়ার ওই বাসায় নিয়ে যায় বলে তার পরিবারের অভিযোগ।
গত ১২ জুন বিষয়টি প্রকাশ হওয়ার খিলগাঁও থানার ওসি মোস্তাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, পুরো ঘটনাটি জেনে ব্যবস্থা নেবেন তারা।
ওই নারী কনস্টেবলের বড় বোন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চার বছর আগে তার বোনের সঙ্গে ওই এএসআইয়ের বিয়ে হয়েছিল। বিয়ের তিন বছর পর ওই এএসআই ১০ লাখ টাকা যৌতুক দাবি করে এবং ‘আজেবাজে’ কথা বলে বোনকে পুলিশের চাকরি ছেড়ে দিতে চাপ দিচ্ছিল। এসব নিয়ে এক বছর আগে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে।
ওই ঘটনা নিয়ে স্বামীর বিরুদ্ধে ওই নারী কনস্টেবল আদালতে মামলা করেছিলেন বলেও জানান তার বোন।
সেদিন খিলগাঁও থানার ওসি মোস্তাফিজ বলেছিলেন, বিচ্ছেদের পর ওই পুলিশ দম্পতি পুনরায় বিয়ে করতে চেয়েছিলেন বলে তিনি শুনেছেন।
