অস্ট্রেলিয়ায় বাংলাদেশি সাংবাদিকের সাজা
অস্ট্রেলিয়ায় যৌন নিপীড়নের অভিযোগে আটক বাংলাদেশি দুই ক্রীড়া সাংবাদিকের একজনকে অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছে আদালত।
অভিযোগ প্রমাণ না হওয়ায় ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন স্টেশনের ক্রীড়া সাংবাদিক রহমান পিয়ারকে মঙ্গলবার সিডনির একটি আদালত খালাস দেয়।
তবে অভিযোগ প্রমাণিত হওয়ায় জরিমানা ও সাজা গুণতে হচ্ছে এশিয়ান টিভির সাংবাদিক সোহেল রহমানকে। তকে ২০ হাজার ডলার জরিমানা, অনাদায়ে ৪৫০ ঘণ্টা স্বেচ্ছাশ্রমের দণ্ড দেওয়া হয়েছে।
পাশাপাশি অস্ট্রেলিয়ায় যৌন অপরাধীদের তালিকায়ও উঠে গেছে সোহেলের নাম। এর ফলে সোহেল আর কখনও অস্ট্রেলিয়া আসতে পারবে না।
মঙ্গলবার সিডনির আদালত জানায়, সরকারপক্ষ পিয়ারের বিরুদ্ধে কোন অভিযোগ প্রমাণ করতে পারেনি। তাকে অযথা আটক রেখে হয়রানি করা হচ্ছে।
একই সঙ্গে আদালত থেকে তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়।
অবশ্য ভিসা বাতিল থাকায় মঙ্গলবারই মুক্তি পাননি পিয়ার।
এ বিষয়ে পিয়ারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আইনজীবী তাকে জানিয়েছেন আদালত তার বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রত্যাহার করেছে। আদালতের আদেশসহ মঙ্গলবার ইমিগ্রেশন বিভাগকে লিখেছেন তার আইনজীবী। এতে তার ভিসা বহালের অনুরোধ করা হয়েছে।
আইন অনুযায়ী, ইমিগ্রেশন কর্তৃপক্ষ পিয়ারের ভিসা বহাল করলে তিনি মুক্তি পাবেন। অথবা তাকে ইমিগ্রেশন ডিটেনশন সেন্টার থেকেই সরাসরি বাংলাদেশগামী কোন বিমানে তুলে দেওয়া হতে পারে।
অস্ট্রেলিয়ার কারাগারগুলোকে ‘ডিটেনশন সেন্টার’ বলা হয়ে থাকে। এসব ডিটেনশন সেন্টারে আটক বন্দিরা মোবাইল ফোন ব্যবহারের সুযোগ পান। আটকরা ইন্টারনেট সেবাও পান এসব সেন্টারে।
অব্যাহতি পাওয়া রহমান পিয়ার
অভিযোগকারী মেয়েটি তাইকান্দো ক্রীড়াদলের সদস্য ছিলেন। এক প্রতিযোগিতা উপলক্ষে দলের সঙ্গে কোচের নেতৃত্বে তিনি সিডনি আসছিলেন।
ওই তরুণীর অভিযোগের ভিত্তিতে ভিসা বাতিল হওয়ায় জামিন পেলেও মুক্তি দেওয়া হয়নি পিয়ারকে।
অভিযোগকারিনী কোরীয় তরুণী ও সাক্ষীদের সবাই কোরিয়া চলে যাওয়ায় পিয়ারের বিরুদ্ধে পুলিশ কোনও সাক্ষ্য প্রমাণ আদালতে হাজির করতে পারেনি।
এদিকে পৃথক ঘটনায় অস্ট্রেলিয়া এসে গ্রেপ্তার হন এশিয়ান টিভির মো. সোহেল রহমান।
সোহেলের বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি ‘ব্যাকপেকারে’ এক কানাডীয় ছাত্রীকে ঘুমন্ত অবস্থায় শ্লীলতাহানির চেষ্টা করেছিলেন। পরে পুলিশ তাকে ধরে নিয়ে যায় এবং পাসপোর্ট জব্দ করে নির্ধারিত দিনে আদালতে হাজির হওয়ার শর্তে ছেড়ে দেয়।
অস্ট্রেলিয়ার ‘ব্যাকপেকার’ নামে এই কমদামি হোটেলগুলো মূলত পর্যটকদের পছন্দ। বহুতল শয্যার এসব হোটেলের কক্ষে একসঙ্গে পুরুষ-নারীদের থাকার ব্যবস্থা রয়েছে।
এশিয়ান টিভির সাংবাদিক সোহেল রহমানের বিষয়ে যোগাযোগ করা হলে টিভি কর্তৃপক্ষ জানায়, সোহেল তাদের জানিয়েছিলেন পাসপোর্ট হারিয়ে যাওয়ায় তিনি আটকা পড়েছেন।
মেলবোর্নের আদালত জানিয়েছে, দুই সপ্তাহ আগে সোহেলের বিচার শেষ হয়েছে। তবে অভিযোগকারী দেশে ফেরত যাওয়ায় রায়ের দিন আদালতে উপস্থিত ছিলেন না।
অপরাধের সাজা হিসেবে আদালত সোহেলকে ২০ হাজার ডলার জরিমানা, অনাদায়ে ৪৫০ ঘণ্টা স্বেচ্ছাশ্রমের দণ্ড দেওয়া হয়েছে। এই স্বেচ্ছাশ্রম সোহেল করতে পারবেন সপ্তাহে মাত্র দুই ঘণ্টা। এতে তার দণ্ড শেষ হতে ৪-৫ মাস লেগে যেতে পারে। এই দণ্ড শেষে পাসপোর্ট ফেরত পেলে দেশে ফিরতে পারবেন সোহেল।
