অস্ট্রেলিয়ায় জামিন হলেও মুক্তি মেলেনি রহমান পিয়ারের
আদালত থেকে জামিন হলেও মুক্তি মিলল না যৌন হয়রানির অভিযোগে অস্ট্রেলিয়ায় গ্রেপ্তার বাংলাদেশি সাংবাদিক রহমান পিয়ারের।
সোমবার সিডনির স্থানীয় আদালতে তার জামিনের আবেদন করা হয়েছিল। সরকার পক্ষের কৌঁসুলিদের শক্ত বিরোধিতার মধ্যেও শর্ত সাপেক্ষে জামিন দিয়েছিলেন ম্যাজিস্ট্রেট।
তিনজন জিম্মাদার জামিন বন্ডের টাকা নগদ জমা দেওয়াসহ আনুষঙ্গিক পেপারওয়ার্কের কাজও শুরু করেছিলেন। কিন্তু বাগড়া দিল অস্ট্রেলিয়ান ইমিগ্রেশন। ইমিগ্রেশনের লোকজন এসে ভিসা বাতিল করে নিজেদের জিম্মায় নিয়ে যায় পিয়ারকে। এরপর তাকে নিয়ে যাওয়া হয় ইমিগ্রেশন কর্তৃপক্ষের নিজস্ব ডিটেনশন সেন্টারে।
গত ডিসেম্বরে নতুন একটি আইন চালু করেছে অস্ট্রেলিয়ান ইমিগ্রেশন। স্বল্পমেয়াদি ভিসা নিয়ে যারা অস্ট্রেলিয়া আসবে, কোনো ফৌজদারি অপরাধের অভিযোগ পাওয়া গেলে তাদের ভিসা বাতিল করা যাবে।
তাতেই ফেঁসেছেন বাংলাদেশের ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের এই সাংবাদিক, যিনি বিশ্বকাপ ক্রিকেটের সংবাদ সংগ্রহের জন্য অস্ট্রেলিয়া রওনা হয়েছিলেন।
সিডনি আসার পথে বিমানে দক্ষিণ কোরিয়ার এক কিশোরীকে যৌন হয়রানির অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়।
সিডনির আদালতে পিয়ারের জামিনের আবেদন করেন আইনজীবী মাইক ব্রডওয়েল। জামিনের শুনানিতে আদালতে আনা হয়েছিল পিয়ারকে। ঢাকা থেকে রওনা হওয়ার সময় কালো যে ফুলহাতা শার্ট তার পরনে ছিল, তাই ছিল তার পরনে, চেহারা ছিল বিধ্বস্ত।
আদালত কক্ষের মাঝখানে কাঠের ফ্রেমের কাচঘেরা একটি এলাকায় আসামিদের এনে বসানো হয়, সিঁড়ি বেয়ে উঠতে হয় সেখানে।
সেখানে উঠে পিয়ার তার পক্ষে আসা জিম্মাদারদের দেখেন। পিয়ারের পক্ষে জিম্মাদার হতে আদালতে উপস্থিত ছিলেন কমিউনিটি লিডার সিরাজুল হক, এনটিভির অস্ট্রেলিয়া প্রতিনিধি রাশেদ শ্রাবণ ও পারিবারিক বন্ধু সাইফুল ইসলাম।
সরকার পক্ষের কৌঁসুলির শক্ত বিরোধিতার মুখে ম্যাজিস্ট্রেট শর্ত সাপেক্ষে জামিন দেন পিয়ারকে। শর্তগুলো হচ্ছে- পিয়ারকে তার জিম্মাদার রাশেদ শ্রাবণের সিডনির কোগরার বাসায় থাকতে হবে, প্রতিদিন একবার করে হাজিরা দিতে হবে কোগরা থানায়, তার পাসপোর্ট জমা থাকবে অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশের কাছে।
দুই জামিনদার দুই হাজার ডলার করে চার হাজার এবং পুলিশের কাছে জব্দ পিয়ারের ডলার থেকে দুই হাজার মিলিয়ে মোট ছয় হাজার ডলার বন্ডমানি হিসাবে জমা রাখার শর্তও দেওয়া হয় জামিনের আদেশে।
পাশাপাশি শর্ত দেওয়া হয়, জামিনে মুক্ত অবস্থায় তিনি নিউ সাউথ ওয়েলস রাজ্যের বাইরে যেতে পারবেন না।
জামিনের আদেশের পর শর্ত পূরণের আয়োজন চলার সময় ইমিগ্রেশনের কর্মকর্তারা এসে জানান, তারা পিয়ারের ভিসা বাতিল করতে এসেছেন। নতুন আইনে ফৌজদারি অপরাধে যে কারও ভিসা তারা ১০ মিনিটের নোটিসে বাতিলের ক্ষমতা রাখেন।
এরপর পিয়ারকে নিয়ে যাওয়া হয় সিডনির ভিলাউড ডিটেনশন সেন্টারে। ১০ মার্চ তার মামলার পরবর্তী শুনানির তারিখ। এর মাঝে নতুন কোনো সিদ্ধান্ত না হলে সেই ডিটেনশন সেন্টারেই তাকে থাকতে হবে।
এখন পর্যন্ত অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্য পুলিশের দায়ের করা যৌন হয়রানির মামলা ছাড়া কোনো মামলা নেই পিয়ারের বিরুদ্ধে।
যাকে যৌন হয়রানির অভিযোগে মামলা, কোরীয় সেই কিশোরী তার দেশে ফিরে গেলেও মামলাটি চলতে থাকবে। কিশোরীটি যদি আবার অস্ট্রেলিয়া না আসে, তাহলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নেওয়া হবে তার বক্তব্য।
এসব মামলা নিষ্পত্তি হতে তিন-চার মাস বা এরও বেশি সময় লাগতে পারে।
মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, বিমানে পাশের আসনে বসা ওই কিশোরীর সঙ্গে পরিচয়ের পর ঘুমন্ত অবস্থায় তাকে স্পর্শ করেন পিয়ার।
