২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘দায়মুক্ত’ ফরিদপুর

সর্বোচ্চ আদালতের দেওয়া চূড়ান্ত রায়ে একাত্তরের আল বদর প্রধান আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ড বহাল থাকায় ফরিদপুরের মাটি কলঙ্কমুক্ত হয়েছে বলে মনে করছে এ জেলার মানুষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মফিজুর রহমান শিপন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2015, 03:47 PM

Updated : 12 Oct 2022, 03:51 PM

আপিল বিভাগ মঙ্গলবার এ মামলার রায় ঘোষণার পর মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন স্তরের মানুষ জেলা শহরের রাস্তায় নেমে এসে উল্লাস প্রকাশ করে। আনন্দ মিছিল থেকে মিষ্টি বিতরণ করা হয়; পোড়ানো হয় কুখ্যাত বদর কমান্ডারের কুশপুতুল।

এই ফরিদপুরের পশ্চিম খাবাসপুরে ১৯৪৮ সালে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মুজাহিদের জন্ম। একাত্তরে নিজের এলাকার মানুষও তার নির্মমতা থেকে রেহাই পায়নি।    

এ পর্যন্ত রায় হওয়া যুদ্ধাপরাধের ১৯টি মামলার আসামিদের মধ্যে মুজাহিদসহ চারজনের বাড়ি এই ফরিদপুরে। এর মধ্যে একজনের ফাঁসি কার্যকর করা হয়েছে, দুইজন পলাতক, আর মুজাহিদের মামলাটি চূড়ান্ত রায়ের মধ্য দিয়ে সাজা কার্যকরের পর্যায়ে এল।  

সারাদেশের মানুষের মতো ফরিদপুরবাসীও মুজাহিদের সর্বোচ্চ রায়ের অপেক্ষায় ছিলেন। তারা এখন দ্রুত রায়ের বাস্তবায়ন দেখতে চান।

মুজাহিদের মামলার অন্যতম সাক্ষী রণজিৎ নাথ বলেন, “মুজাহিদের জন্য সব সময় খুব ভয়ে থাকতাম। এখন আমি শান্তিতে নিঃশ্বাস নিতে পারছি।”

দুই বছর আগে যেসব অভিযোগে মুজাহিদের মৃত্যুদণ্ড দেওয়া হয়, তার মধ্যে তৃতীয় অভিযোগটি ছিল এই রণজিৎ নাথকে অপহরণ ও নির্যাতনের। ওই ঘটনায় এই জামায়াত নেতাকে দেওয়া পাঁচ বছরের কারাদণ্ড বহাল রেখেছে সর্বোচ্চ আদালত।

ঐতিহাসিক আগরতলা মামলার আসামি ফরিদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নূর মোহাম্মদ বলেন, “দেশের মুক্তিযোদ্ধাদের আশার প্রতিফলন ঘটেছে। এমনটিই আমরা চেয়েছিলাম।”

ফরিদপুরের সাংস্কৃতিক ব্যক্তিত্ব সিরাজ-ই-কবির খোকন বলেন, “আপিল বিভাগ ট্রাইব্যুনালের রায় বহাল রাখায় আইনের শাসনের জয় হয়েছে। সেই সঙ্গে প্রত্যাশা পূরণ হয়েছে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের।”

জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আবুল ফয়েজ শাহনেওয়াজ বলেন, “এই রায়ে দেশের মানুষের মতো ফরিদপুরবাসীও আনন্দিত। আমরা মুক্তিযোদ্ধারা এখন দ্রুত রায় কার্যকর তেখতে চাই।”

ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মুক্তিযোদ্ধা সৈয়দ মাসুদ হোসেন বলেন, “মুজাহিদের সর্বোচ্চ শাস্তি বহাল থাকায় ফরিদপুরবাসীর সঙ্গে আমিও বলতে পারব, আমরা কুলাঙ্গার এই যুদ্ধাপরাধীদের জন্মস্থানের অপবাদ থেকে কলঙ্কমুক্ত হতে পেরেছি।”

একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে সাংবাদিক, শিক্ষকসহ বুদ্ধিজীবী হত্যা এবং সাম্প্রদায়িক হত্যা-নির্যাতনের দায়ে ২০১৩ সালের ১৭ জুলাই মুজাহিদকে মৃত্যুদণ্ড দিয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর দুই বছরের মাথায় আপিলের রায় হল।

২০১৩ সালের ২১ জানুয়ারি ট্রাইব্যুনালের প্রথম রায়ে ফরিদপুরের সালথা উপজেলার পলাতক আবুল কালাম আজাদ ওরফে বাচ্চু রাজাকারের ফাঁসির রায় আসে।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার বাড়ি ফরিদপুরের সদরপুরে, যার মৃত্যুদণ্ড ২০১৩ সালের ১২ ডিসেম্বর কার্যকর হয়েছে।

এছাড়া নগরকান্দা বিএনপি নেতা জাহিদ হোসেন ওরফে খোকন রাজাকারকেও একই দণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল। বাচ্চু রাজাকারের মতো তিনিও পলাতক।