২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় বৃদ্ধকে হত্যা করে মালামাল লুট

ব্রাহ্মণবাড়িয়া সদরে একটি বাড়িতে হামলা চালিয়ে ৯০ বছর বয়সী এক বৃদ্ধকে হত্যা করে প্রায় পাঁচ লাখ টাকার মালামাল লুট করেছে একদল ডাকাত।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2015, 03:17 PM

Updated : 22 Aug 2022, 12:36 PM

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস জানান, মঙ্গলবার ভোররাতে পৌর শহরের দক্ষিণ পৈরতলার গ্রীন রোড এলাকার এ ঘটনায় নিহত হন পতিত পাবন বণিক (৯০)।

ডাকাতদের হামলায় আহত তার স্ত্রী বাসনা বণিককে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানান তিনি।

বাসনা বণিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোররাতে তার স্বামী ঘর থেকে বের হলে ওঁৎ পেতে থাকা একদল সশস্ত্র ডাকাত তার হাত-পা বেঁধে শ্বাসরোধ করে হত্যা করে।

“পরে ডাকাতরা ঘরে ঢুকে অন্য সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ঘরে থাকা নগদ অর্থ ও স্বর্ণালঙ্কারসহ পাঁচ লাখ টাকা মূল্যের মালামাল লুট করে। আমাদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে ডাকাতরা পালিয়ে যায়।”

নিহত বৃদ্ধের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।