জয়পুরহাটের শিক্ষিকাকে ‘লাঞ্ছনা’, ক্ষুব্ধ শিক্ষকরা
জয়পুরহাটে শিক্ষিকাকে লাঞ্ছিত করার অভিযোগ তুলে শিক্ষা কর্মকর্তার অপসারণ দাবি করেছেন শিক্ষকরা।
এ দাবিতে সোমবার কালাই উপজেলা বাসস্ট্যান্ড এলাকায় বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ করেছেন জেলা ও উপজেলার শিক্ষকরা।
পরে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও নির্বাহী কর্মকর্তা বরাবর পৃথক পৃথক স্মারকলিপি দেন শিক্ষকরা।
শাইলগুণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা নাজনীন আক্তার জানান, গত ৯ জুন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উচ্চমান অফিস সহকারী শ্যামলচন্দ্র সরকারের কাছে বাৎসরিক শ্রান্তি-বিনোদনের অর্থ বরাদ্দের তালিকায় তার নাম অন্তর্ভুক্ত করা হয়েছে কি না তা জানতে চান নাজনীন ।
জবাবে শ্যামলচন্দ্র ওই শিক্ষিকার কাছ থেকে নাম অন্তর্ভুক্তির বিনিময়ে শিক্ষা অফিসারের জন্য পাঁচশ এবং অফিস খরচের জন্যে আরও পাঁচশসহ মোট এক হাজার টাকা ঘুষ দাবি করেন।
এ নিয়ে শ্যামলচন্দ্রের সঙ্গে নাজনীনের কথা কাটাকাটি হয়।
ওই সময় শ্যামলচন্দ্র ও ওই অফিসেরই পিয়ন রাজন শিক্ষিকা নাজনীনকে অশালীন ভাষায় গালমন্দ করেন।
নাজনীন অভিযোগ করেন, শিক্ষা অফিসার জহুরুল ইসলামকে বিষয়টি জানালেও তিনি অভিযোগ আমলে না নিয়ে এবং কোনো তদন্ত না করে উল্টো তড়িঘড়ি করে নাজনীনকে ১১ জুন কারণ দর্শানোর নোটিশ দেন এবং ৭ দিনের মধ্যে জবাব দিতে বলেন।
কিন্তু, সময় শেষ না হতেই গত ১৪ জুন নাজনীনকে সাময়িক বরখাস্ত করা হয় বলে নাজনীন জানান।
তবে, এ ব্যাপারে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান।
জেলা প্রাথমিক শিক্ষা শিক্ষা কর্মকর্তা বেগম বদরুজ্জেহা জানান, ঘটনাটি তদন্ত করে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।
সমাবেশে বক্তব্য রাখেন, জেলা সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির যুগ্ম সম্পাদক মাহবুর রহমান চঞ্চল, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, সদর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি হাবিবুর ইসলাম, আক্কেলপুরের সভাপতি সমির কুমার বসাক প্রমুখ।
