২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুন্দরবনে কথিত বন্দুকযুদ্ধে ‘বনদস্যু নেতা’ নিহত

সুন্দরবনের শরণখোলা রেঞ্জে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2015, 09:56 AM

Updated : 22 Aug 2022, 12:36 PM

র‌্যাব বলছে, নিহত মো. জামাল (৩৫) বনদস্যু দল জামাল বাহিনীর প্রধান।

সোমবার ভোরে শরণখোলার কাতলার খাল এলাকায় গোলাগুলির এ ঘটনা ঘটে বলে র‌্যাব-৮ এর আলোরকোল ক্যাম্পের উপ অধিনায়ক আদনান কবির জানান।

ঘটনাস্থল থেকে একটি পিস্তল, চারটি কাটা রাইফেল, সাতটি বন্দুক, দুটি এয়ারগান, আটটি ধারালো অস্ত্র ও বিভিন্ন ধরনের ১০০টি গুলি উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।

র‌্যাব কর্মকর্তা আদনান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সুন্দরবন পূর্ব বিভাগের কাতলার খাল এলাকায় দস্যুদের জড়ো হওয়ার খবর পেয়ে ভোর ৫টার দিকে সেখানে অভিযান চালানো হয়।

“দস্যুরা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি ছুড়লে আত্মরক্ষার জন্য বাহিনীর সদস্যরা পাল্টা গুলি চালায়। প্রায় আধাঘণ্টা গোলাগুলির পর দস্যুরা পালিয়ে গেলে সেখানে একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। পরে স্থানীয়রা তাকে জামাল বাহিনীর প্রধান হিসেবে সনাক্ত করে।”  

জামালের লাশ শরণখোলা থানায় নেওয়া হয়েছে বলে জানান তিনি।

মেজর আদনান বলেন, জামাল বাহিনীর বিরুদ্ধে সুন্দরবনের জেলে, বাওয়ালী, মৌয়ালদের অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগ রয়েছে।