২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোমবার শুরু বাংলাদেশ আইসিটি এক্সপো

হার্ডওয়্যার পণ্য উৎপাদনকারী দেশ হওয়ার লক্ষ্যকে সামনে রেখে প্রথমবারের মতো শুরু হচ্ছে ‘বাংলাদেশ আইসিটি এক্সপো-২০১৫’।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2015, 10:21 PM

Updated : 22 Aug 2022, 12:35 PM

সোমবার রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তিন দিনের এই আয়োজন উদ্বোধন করবেন।

সরকারে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং বাংলাদেশ কম্পিউটার সমিতি যৌথভাবে তিন দিনের এই প্রদর্শনী ও মেলার আয়োজন করছে বলে রোববার এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

তিনি বলেন, “এই আয়োজনের মূল ফোকাস হার্ডওয়ার। সরকার ইতোমধ্যে তথ্যপ্রযুক্তি খাতের প্রমোশনের জন্য ২০১৪ সাল পর্যন্ত আইটি এবং আইটিএএস পণ্য ও সেবার ওপর কর অবকাশ দিয়েছে। হার্ডওয়ার শিল্পে বিনিয়োগ ও এই খাতের উন্নয়নের দিকে মনোযোগ দিতেই এবারের আয়োজন।”

প্রদর্শনীর আহ্বায়ক মজিবুর রহমান স্বপন জানান, প্রদর্শনীতে ‘ইনোভেশন জোনে’ ড্রোন থেকে স্যাটেলাইট পর্যন্ত প্রদর্শনের আশা করা হচ্ছে।

মেলায় প্রতিদিন তথ্য প্রযুক্তি বিষয়ের বিভিন্ন দিক নিয়ে সেমিনারও থাকছে, যেখানে ১০ জন বিদেশি বক্তাসহ দেড় শতাধিক স্থানীয় প্রযুক্তিবিদ ও প্রযুক্তিপণ্য উৎপাদনকারী, সরবরাহকারী অভিজ্ঞতা বিনিময় করবেন।

এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী পলক বলেন, “২০২১ সালের মধ্যে আমরা দেশব্যাপী এক লাখ ওয়াইফাই হটস্পট করব। শিগগিরই এ ব্যাপারে বিস্তারিত জানাতে পারব।”

হার্ডওয়্যার শিল্পে অগ্রগতির জন্য নিজস্ব উদ্ভাবনকে কাজে লাগিয়ে এগিয়ে যাওয়ার উপর জোর দিয়ে তিনি বলেন, এজন্য ‘ওয়ান থাউজেন্ড ইনোভশন বাই ২০২১’ নামে একটি প্রকল্প নেওয়া হচ্ছে।

“এই সময়ের মধ্যে এক হাজার উদ্ভাবনকে আমরা পৃষ্ঠপোষকতা দেব।”

প্রদর্শনী প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। মেলায় ৩৫টি প্যাভিলিয়ন ও শতাধিক স্টল অংশ থাকবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।