পেশ ইমাম নিয়োগে বিজ্ঞপ্তি স্থগিতই থাকছে
বায়তুল মোকাররমের পেশ ইমাম নিয়োগের বিজ্ঞপ্তি স্থগিতই থাকছে।
হাই কোর্টের ওই আদেশের বিরুদ্ধে রোববার রাষ্ট্রপক্ষের করা আবেদনটি দুই সপ্তাহের জন্য মুলতবি (স্ট্যান্ডওভার) রাখেন আপিল বিভাগের চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।
মূল রিট আবেদনের পক্ষের অন্যতম আইনজীবী ব্যারিস্টার এইচ এম সানজিদ সিদ্দিকী জানান, এই সময়ের মধ্যে রাষ্ট্রপক্ষকে নিয়মিত লিভ টু আপিল করতে বলা হয়েছে।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এর ফলে নিয়োগ বিজ্ঞপ্তির কার্যকারিতা স্থগিত করে হাইকোর্টের আদেশই বহাল থাকছে।”
জাতীয় মসজিদের পেশ ইমামসহ কয়েকটি পদে নিয়োগের জন্য ৬ মে একটি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশ করে ইসলামিক ফাউন্ডেশন।
বিজ্ঞপ্তি প্রকাশে পেশ ইমামের পদের ক্ষেত্রে বিধিমালা অনুসরণ করা হয়নি দাবি করে বড়গাঁও জামে মসজিদের খতিব ও প্রার্থী আব্দুর রহিম রিট আবেদন করেন।
তার আবেদনের প্রেক্ষিতে গত ৪ জুন ইসলামিক ফাউন্ডেশনের পেশ ইমাম নিয়োগে বিজ্ঞপ্তির কার্যকারিতা স্থগিত করে আদেশ দেয় হাইকোর্টের একটি বেঞ্চ।
আদালতে রাষ্ট্রপক্ষের শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আব্দুস সালাম মণ্ডল। মূল রিটের পক্ষে ছিলেন আইনজীবী এ এম আমিন উদ্দিন।
আব্দুস সালাম মণ্ডল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আদালত হাইকোর্টের আদেশে স্থগিতাদেশ দেননি। আবেদনটি দুই সপ্তাহের জন্য ‘স্ট্যান্ডওভার’ রেখেছেন।”
