কক্সবাজারে পিটিয়ে বৃদ্ধকে হত্যা
কক্সবাজারের মহেশখালী উপজেলায় এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার বিকালে উপজেলার ধলঘাটা ইউনিয়নের সরইতলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত দলিলুর রহমান ওরফে বদমিয়া (৬০) ওই গ্রামের মৃত জলিল বকসুর ছেলে।
এ ঘটনায় ক্ষুদ্ধ এলাকাবাসী মোহাম্মদ বেলাল নামের এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে বলে জানান মাতারবাড়ী পুলিশ ফাঁড়ির এসআই নজরুল ইসলাম।
এসআই নজরুল জানান, বিকালে সরইতলা বেড়িবাঁধে দলিলুর রহমানের ছেলে সোলাইমানের সঙ্গে রোহিঙ্গা যুবক মোহাম্মদ বেলালের ৫ শত টাকা লেনদেন নিয়ে কথা কাটাকাটি হয়।
কথা কাটাকাটির এক পর্যায়ে বেলাল ও তার সহযোগীরা সোলাইমানকে মারধর করে।
খবর পেয়ে দলিলুর রহমান ঘটনাস্থলে গেলে তাকেও পিটিয়ে আহত করা হয়।
মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে মহেশখালী থানার ওসি সাইকুল আহমদ ভূঁইয়া জানান, লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।
জড়িতদের সনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
