টেকনাফে ইয়াবাসহ ব্যাংকের গানম্যান আটক
কক্সবাজারের টেকনাফে সাড়ে নয় হাজার ইয়াবা ট্যাবলেটসহ একটি ব্যাংকের গানম্যানকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাত ১১টার দিকে হ্নীলা স্টেশন থেকে জাহেদুল ইসলামকে (৫০) আটক করা হয়।
টেকনাফ থানার পুলিশের পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান খোন্দকার জানান, আটক জাহেদুল চকরিয়া উপজেলার বরইতলী এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে এবং তিনি ইউনিয়ন ব্যাংক লি. হ্নীলা শাখার গানম্যান হিসেবে কর্মরত রয়েছেন।
আতাউর রহমান জানান, ব্যাংকের গানম্যান হিসেবে কর্মরত থেকে জাহেদুলের বিরুদ্ধে ইয়াবা পাচারে জড়িত থাকার অভিযোগ ছিল।
“গোপন খবর পেয়ে অভিযান চালিয়ে নয় হাজার ৬০০ ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করা হয়।”
উদ্ধার ইয়াবার মূল্য ২৮ লাখ ৮০ হাজার টাকা বলে জানান তিনি।
তিনি আরও জানান, জাহেদুলের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হবে।
