সাতক্ষীরায় কথিত ‘বন্দুকযুদ্ধে’ একজন আহত
সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক ব্যক্তি আহত হয়েছেন, যাকে স্বজনরা দিনমজুর বললেও পুলিশের দাবি, তিনি ডাকাত।
আহত শহর আলী তরফদারকে (৩২) সাতক্ষীরা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর খুলনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কালীগঞ্জ থানার ওসি সুভাষ চন্দ্র বিশ্বাস বলছেন, বুধবার রাত পৌনে ৩টার দিকে উপজেলার বেনাদোনা গ্রামে এ বন্দুকযুদ্ধে তিন পুলিশ সদস্যও আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে গুলি, বোমা ও একটি হাসুয়া উদ্ধার করেছে।
ওসি সুভাষ জানান, গ্রামের একটি মাঠে ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে রাতে সেখানে অভিযান চালানো হয়।
“ডাকাতরা পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি ও বোমা হামলা করলে পুলিশও গুলি ছোড়ে। এক পর্যায়ে ডাকাতরা পালিয়ে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে গ্রামবাসী তাকে ডাকাত সর্দার শহর আলি বলে শনাক্ত করে।”
সংঘর্ষে আহত সহকারী উপ-পরিদর্শক শওকত হোসেন, সিপাহী শরিফুল ইসলাম ও সিপাহী ফিরোজ আহম্মেদকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানান তিনি।
সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক পরিমল কুমার বিশ্বাস জানান, শহর আলীর বাঁ পায়ের হাঁটুর নিচে গুলি লেগেছে।
আহত শহর আলী উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের শঙ্করপুর গ্রামের জব্বার তরফদারের ছেলে। তবে বিয়ের পর থেকে শহর আলী শ্বশুর বাড়িতেই আলাদা ঘর তুলে স্ত্রীকে নিয়ে থাকতেন।
এদিকে শহর আলীর স্ত্রী আমেনা বেগম অভিযোগ করেছেন, তার স্বামীকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে গুলি করা হয়েছে।
তিনি বলেন, “আমার বোন জরিনা বেগমের স্বামী রেজাউল ইসলামের সঙ্গে আমার স্বামীর বনিবনা ছিল না। বুধবার রাত সাড়ে ১০টার দিকে কালীগঞ্জ থানার পুলিশ রেজাউলকে সঙ্গে নিয়ে বাড়িতে এসে তাকে ডেকে নিয়ে যায়।
“গভীর রাতে পুলিশ তার চোখ কালো কাপড়ে বেঁধে নির্জন স্থানে নিয়ে গুলি করে হত্যার চেষ্টা করেছে।”
তবে অভিযোগ অস্বীকার করে ওসি সুভাষ জানান, শহর আলীর বিরুদ্ধে কালীগঞ্জ থানায় ডাকাতি, চাঁদাবাজি ও চুরির পাঁচটি মামলা রয়েছে।
শহর আলীর বাবাও ‘কুখ্যাত ডাকাত’ ছিলেন বলে দাবি ওসির।
গোলাগুলির ঘটনায় শহর আলীসহ অজ্ঞাতপরিচয় সাতজনের বিরুদ্ধে মামলা হয়েছে।
