শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার
নীলফামারীর ডোমারে সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার কিশোর (১৫) উপজেলার কেতকীবাড়ি ইউনিয়নের মাস্টার পাড়া মহল্লার বাসিন্দা।
মঙ্গলবার দুপুরে আদালতে হাজির করলে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।
শিশুটির বাবার দায়ের করার মামলার বরাত দিয়ে ডোমার থানার ওসি মোয়াজ্জেম হোসেন জানান, শনিবার বিকালে শিশুটিকে চানাচুর কিনে দেওয়ার লোভ দেখিয়ে ছেলেটি নিজ বাড়ির একটি পরিত্যক্ত ঘরে নিয়ে ধর্ষণ করে।
শিশুটির চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে সে পালিয়ে যায়।
রাতে শিশুটির শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে নীলফামারী আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার দুপুরে ওই শিশুর বাবা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।
ওসি মোয়াজ্জেম বলেন, মামলার পর সোমবার রাতে উপজেলার আমবাড়ী গ্রামের নানা বাড়ি থেকে ছেলেটিকে গ্রেপ্তার করা হয়।
নীলফামারী আধুনিক সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা শাহ্ মোয়াজ্জেম হোসেন জানান, ভর্তির পর শিশুটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। এতে ধর্ষণের আলামত পাওয়া গেছে।
