যুদ্ধাপরাধ: হাসান আলীর জন্য ফাঁসি অথবা ফায়ারিং স্কোয়াড
বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের সময় কিশোরগঞ্জে হত্যা, গণহত্যা, অপহরণ, লুটপাটের মতো যুদ্ধাপরাধের দায়ে তখনকার রাজাকার কমান্ডার পলাতক সৈয়দ মো. হাসান আলীকে আদালত প্রাণদণ্ড দিয়েছে, যা কার্যকর করতে হবে ফাঁসিতে ঝুলিয়ে অথবা গুলি করে।
একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিম মঙ্গলবার এই রায় ঘোষণা করেন।
এ ট্রাইব্যুনালের অপর দুই সদস্য বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মো. আনোয়ারুল হকও এ সময় উপস্থিত ছিলেন।
রায়ে বলা হয়, আসামির বিরুদ্ধে প্রসিকিউশনের আনা ছয়টি অভিযোগের মধ্যে পাঁচটি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে।
এর মধ্যে তৃতীয় ও চতুর্থ অভিযোগে গণহত্যা, হত্যা, অপহরণ, আটকে রাখা এবং দেশত্যাগে বাধ্য করার মতো অপরাধের দায়ে হাসান আলীকে দেওয়া হয় মৃত্যুদণ্ড।
দ্বিতীয়, পঞ্চম ও ষষ্ঠ অভিযোগে অপহরণ, নির্যাতন, হত্যা ও লুটপাটে জড়িত থাকার দায়ে আসামিকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে আদালত।
আর অপরাধে সংশ্লিষ্টতা প্রমাণিত না হওয়ায় প্রথম অভিযোগ থেকে হাসান আলীকে খালাস দেওয়া হয়েছে।
রায়ে বিচারক বলেন, “সার্বিক ঘটনাপ্রবাহ বিবেচনা করে আমরা একমত হয়েছি যে, মৃত্যুদণ্ড দেওয়া হলেই সৈয়দ হাসান আলীর অপরাধের সুবিচার সম্ভব।”
ফৌজদারী কার্যবিধির ৩৬৮ ধারা অনুযায়ী আমৃত্যু ফাঁসিতে ঝুলিয়ে অথবা ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ৩৪ (ক) ধারা অনুযায়ী মৃত্যু পর্যন্ত গুলি চালিয়ে আসামির মৃত্যুদণ্ড কার্যকর করতে বলা হয়েছে এ রায়ে।
বাংলাদেশে ফৌজদারী মামলায় সর্বোচ্চ দণ্ডের রায় ফায়ারিং স্কোয়াডে কার্যকরের কোনো নজির নেই। সব সময় ফাঁসিকাষ্ঠ ঝুলিয়েই মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।
এর আগে বঙ্গবন্ধু হত্যা মামলায় বিচারিক আদালতের রায়ে আসামিদের মৃত্যুদণ্ড ফায়ারিং স্কোয়াডে কার্যকরের নির্দেশ দেওয়া হলেও সর্বোচ্চ আদালতের রায়ের পর পাঁচজনকে ফাঁসিতেই ঝোলানো হয়।
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বঙ্গবন্ধু হত্যা মামলা ফৌজদারী আইনে হওয়ায় দণ্ড কার্যকরের ক্ষেত্রে কারাবিধি অনুসরণের বিধান ছিল, যা আন্তর্জাতিক অপরাধ টাইব্যুনালের মামলার ক্ষেত্রে প্রযোজ্য নয়।
“আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে বলা আছে, সরকারের নির্দেশমতো রায় কার্যকর হবে।”
স্থানীয় শান্তি কমিটির নেতার ছেলে হাসান আলী একাত্তরে মুক্তিযুদ্ধের সময় ছিলেন কিশোরগঞ্জের তাড়াইল থানার রাজাকার কমান্ডার। পাকিস্তানি সেনাবাহিনীর সহযোগিতায় রাজাকার সদস্যদের নিয়ে তিনি যেসব যুদ্ধাপরাধ সে সময় ঘটান, তাতে এলাকায় তার নাম হয়ে যায় ‘রাজাকারের দারোগা’ ও ‘রাজাকার ওসি’।
ট্রাইব্যুনালের এই রায়ের বিরুদ্ধে এক মাসের মধ্যে সর্বোচ্চ আদালতে আপিল করা যাবে। তবে সেই সুযোগ নিতে হলে হাসান আলীকে আদালতে আত্মসমর্পণ করতে হবে।
৬৮ বছর বয়সী এই যুদ্ধাপরাধী এখন কোথায় আছেন, সে বিষয়ে আদালতকে কিছু জানাতে পারেনি পুলিশ বা প্রসিকিউশন।
ট্রাইব্যুনালে এ পর্যন্ত আসা ১৯টি রায়ের মধ্যে চারটি মামলায় মোট পাঁচজন পলাতক আসামির সাজার আদেশ হল।
এদের মধ্যে জামায়াতে ইসলামীর সাবেক রুকন আবুল কালাম আজাদ, একাত্তরের দুই বদর নেতা আশরাফুজ্জামান খান ও চৌধুরী মুঈনুদ্দীন, ফরিদপুরের রাজাকার কমান্ডার জাহিদ হোসেন খোকনের মৃত্যুদণ্ড এবং জাতীয় পার্টির সাবেক ভাইস চেয়ারম্যান আবদুল জব্বারের আমৃত্যু কারাদণ্ডের রায় আসে।
রায়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় প্রসিকিউটর মোহাম্মদ আলী সাংবাদিকদের বলেন, “ফাঁসি অথবা গুলি করে হাসান আলীর মৃত্যুদণ্ড কার্যকর করতে বলা হয়েছে। এ রায়ে আমরা সন্তোষ প্রকাশ করছি।”
কীভাবে এই দণ্ড কার্যকর করা হবে তা সরকার ঠিক করবে বলে জানান তিনি।
মোহাম্মদ আলী বলেন, “মুক্তিযুদ্ধের সময় রাজাকার কমান্ডার হাসান আলীর টার্গেটই ছিল হিন্দু সম্প্রদায়কে নিঃশেষ করা। স্থানীয় শান্তি কমিটির নেতার ছেলে হাসান আলী একাত্তরে মুক্তিযুদ্ধের সময় ছিলেন কিশোরগঞ্জের তাড়াইল থানার রাজাকার কমান্ডার।”
গতবছর গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলেও পুলিশ এখনও হাসান আলীকে গ্রেপ্তার করতে পারেনি বলে জানান তিনি।
অন্যদিকে আসামির পক্ষে মামলা লড়া রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আব্দুস শুকুর খান বলেছেন, তার বিশ্বাস, হাসান আলী আপিল করলে রায় তার পক্ষেই যাবে।
“কিশোরগঞ্জে তো তিনি থাকতেনই না। তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পারেনি প্রসিকিউশন।
“সুতরাং, তার আপিল করা উচিৎ”, বলেন এই আইনজীবী।
হাসান আলীর মৃত্যুদণ্ডের রায় আসায় রাস্তায় নেমে মিছিল করে মিষ্টি বিলিয়ে আনন্দ প্রকাশ করেছে কিশোরগঞ্জের মানুষ। একাত্তরে ওই এলাকাতেই খুন, অপহরণ, লুটপাট চালিয়েছিলেন এই যুদ্ধাপরাধী।
ট্রাইব্যুনালের আগের রায়গুলোর মতো এদিনও শাহবাগে আনন্দ মিছিল করে রায়ে সন্তোষ প্রকাশ করে যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে গড়ে ওঠা গণজাগরণ মঞ্চ।
মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেন, “সরকারের দায়িত্ব এই পলাতক যুদ্ধাপরাধীকে যে কোনো মূল্যে খুঁজে বের করে তার শাস্তি কার্যকর করা।”
যুদ্ধাপরাধীদের বিচারের পাশাপাশি তাদের সম্পদ বাজেয়াপ্ত করার দাবি জানিয়ে তিনি বলেন, “যুদ্ধাপরাধীদের সন্তানরা তাদের সম্পদ দেশে জঙ্গিবাদের উত্থানে কাজে লাগাচ্ছে। ব্লগারদের হত্যা ও জঙ্গিবাদের উত্থানের পেছনে যুদ্ধাপরাধী সংগঠন জামায়াত-শিবির ও যুদ্ধাপরাধীদের সন্তানরা পৃষ্ঠপোষকতা করে যাচ্ছে, সামাজিক মাধ্যমে তাদের আস্ফালনে এটা প্রমাণিত।”
আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইনের তিন নম্বর সেকশনে বিভিন্ন অপরাধের সঙ্গে ‘অন্যান্য অমানবিক কর্মকাণ্ড’ বা ‘আদার ইনহিউম্যান অ্যাক্টস’ এর কথা বলা হলেও তার ব্যাখ্যা নেই। এই রায়ে তার ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছে আদালত।
রায়ের পর্যবেক্ষণে বলা হয়, যখন বিশেষ একটি ধর্মীয় গোষ্ঠীর ক্ষতি করার উদ্দেশ্যে তাদের কোনো দেবী প্রতীমার প্রতি অসম্মান দেখানো হয়, সেগুলো ধ্বংস করে ফেলা হয় এবং হিন্দু ধর্মাবলম্বীদের মৃতদেহ তাদের নিয়ম অনুযায়ী দাহ করার বদলে কবর দিতে বাধ্য করা হয় এবং ধর্মীয় কোন অনুষ্ঠান পালনে বাধা দেওয়া হয়- এ ধরনের দুষ্কর্ম ১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইনের ৩(২)(এ) ধারায় উল্লিখিত ‘অন্যান্য অমানবিক কর্মকাণ্ড’ বিবেচিত হবে।
বিচারক বলেন, ট্রাইব্যুনাল আইনের ওই ধারায় মানবতাবিরোধী অপরাধের ‘অন্যান্য ধরন’ অর্থ ‘অন্যান্য অমানবিক কর্মকাণ্ড’ বলা হয়েছে।
“কারও ঘরবাড়ি, দোকান, পূজার ঘর, দেবীর প্রতিকৃতি বা প্রতীমা ভেঙে ফেলা, লুটপাট ও অগ্নিসংযোগ অবশ্যই তাদের মানবিক মর্যাদা, উপাসনার অধিকার এবং সুখে-শান্তিতে বেঁচে থাকার অধিকারের ওপর আঘাত। এ ধরনের আঘাতের কারণে ক্ষতিগ্রস্তদের বড় ধরনের দুর্দশা, বঞ্চনা ও মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে যেতে হয়।”
এ ধরনের কোনো আঘাতে কেউ দীর্ঘমেয়াদী শারীরিক বা মানসিক ক্ষতির শিকার হলে, তার স্বাভাবিক জীবনযাত্রা বাধাগ্রস্ত হলে এবং তাদের ধর্মাচারণের স্বাধীনতা বিঘ্নিত হলে, তাকে ‘অন্যান্য অমানবিক কর্মকাণ্ড’ হিসাবে মানবতাবিরোধী অপরাধ বিবেচনা করা হবে বলে পর্যাবেক্ষণে উল্লেখ করা হয়।
“এ ধরনের হিংস্রতা মানবতা ও মৌলিক অধিকারের পরিপন্থি, যাতে একটি নির্দিষ্ট ধর্মীয় গোষ্ঠীর স্বাভাবিক জীবনযাপন ক্ষতিগ্রস্ত হয়। আমরা মনে করি, এ ধরনের ধ্বংসাত্মক কর্মকাণ্ড মানবতা ও আন্তর্জাতিক মানবাধিকার আইনের সঙ্গে কোনোভাবেই সঙ্গতিপূর্ণ নয়।”
একাত্তরে কিশোরগঞ্জে হাসান আলী হিন্দু সম্প্রদায়কে ‘টার্গেট করে’ যেসব যুদ্ধাপরাধ ঘটিয়েছেন, তার উল্লেখ করে রায়ের পর্যবেক্ষণে বলা হয়, “এর উদ্দেশ্য ছিল হিন্দু সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দেওয়া, যা ‘অন্যান্য অমানবিক কর্মকাণ্ড’ হিসাবে অপরাধ, কেননা এতে করে সম্পত্তির ওপর তাদের মৌলিক অধিকার, ধর্মচর্চা ও উপাসনার অধিকার ও নিরাপত্তা বিঘ্নিত হয়েছে এবং তা আন্তর্জাতিক মানবাধিকার আইনের লঙ্ঘন।
‘বাবার পথেই’ স্বাধীনতাবিরোধী
ব্রাহ্মণবাড়িয়ার মাছিহাতা গ্রামের সৈয়দ মুসলেহ উদ্দিন ও ফাতিমা বানুর ছেলে সৈয়দ মো. হাসান আলী, ওরফে হাছান আলী, ওরফে হাচেন আলীর জন্ম ১৯৪৭ সালের ১৮ অগাস্ট।
মুসলেহ উদ্দিন ১৯৩৬ সালে কিশোরগঞ্জে এসে হযরতনগর এলাকায় ‘আনোয়ারুল উলুম মাদ্রাসা’ খোলেন। তিনি ছিলেন ওই মাদ্রাসার অধ্যক্ষ। ১৯৫২ সালে যখন নেজামে ইসলামী পার্টি গঠিত হলে মুসলেহ উদ্দিন হন দলের সাধারণ সম্পাদক। মুক্তিযুদ্ধ চলাকালে তিনি ছিলেন পূর্বপাকিস্তান ডেমোক্রেটিক পার্টির ভাইস চেয়ারম্যান।
প্রসিকিউশনের তদন্ত প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের মানুষ যখন স্বাধীনতার জন্য প্রাণ বাজি রেখে লড়তে শুরু করেছে, হাসানের বাবা তখন পাকিস্তানের পক্ষে অবস্থান নেন এবং পত্রপত্রিকায় তার বিবৃতিও প্রকাশিত হয়।
পাকিস্তানের সহযোগিতায় শান্তি কমিটি গঠিত হলে মুসলেহ উদ্দিন কিশোরগঞ্জ মহকুমা কমিটির চেয়ারম্যান হন। বাবার আদর্শে উদ্বুদ্ধ হয়ে অখণ্ড পাকিস্তানের ধারণা মাথায় নিয়ে হাসানও সে সময় রাজাকার বাহিনীতে যোগ দেন বলে মামলার নথিতে উল্লেখ করা হয়।
এতে বলা হয়, ১৯৭১ সালের ২৩ এপ্রিল পাকিস্তানি বাহিনী কিশোরগঞ্জের তাড়াইল থানা সদর দখল করে ক্যাম্প বসায়। হাসান আলী তাদের সব ধরনের সহযোগিতা দেন। পরে তিনি কিশোরগঞ্জ মহকুমার তাড়াইল থানায় রাজাকার কমান্ডার হন।
প্রসিকিউশনের তদন্ত সংস্থার তথ্য অনুযায়ী, হাসান আলী তার সহযোগীদের নিয়ে তাড়াইল থানার বিভিন্ন এলাকা এবং কিশোরগঞ্জে ব্যাপক মানবতাবিরোধী অপরাধ ঘটান। মুক্তিযুদ্ধের সময় হিন্দু ও আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িঘর লুটপাট ও অগ্নিসংযোগে তিনি সরাসরি জড়িত ছিলেন।
মামলার পূর্বাপর
২০১৩ সালের ৬ জুন হাসান আলীর যুদ্ধাপরাধ মামলার তদন্ত শুরু করে প্রসিকিউশনের তদন্ত সংস্থা। তদন্ত শেষে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হরি দেবনাথ গত বছর ১৯ জুন প্রতিবেদন চূড়ান্ত করেন।
ট্রাইব্যুনালের প্রসিকিউটর আবুল কালাম আজাদ গতবছর ২১ অগাস্ট হাসান আলীর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করেন। ২৪ আগস্ট ট্রাইব্যুনাল তা আমলে নেয়।
পরোয়ানা জারির পরও পুলিশ হাসান আলীকে গ্রেপ্তার করতে না পারায় ট্রাইব্যুনালের আদেশে তাকে হাজির হওয়ার নির্দেশ দিয়ে দুটি জাতীয় দৈনিকে বিজ্ঞাপন দেয় প্রসিকিউশন। তাতেও তিনি হাজির না হওয়ায় বিচারক আসামির অনুপস্থিতিতেই মামলার কার্যক্রম চালিয়ে যেতে বলেন।
আসামির পক্ষে মামলা লড়ার জন্য গত বছর ১৫ সেপ্টেম্বর রাষ্ট্রীয় খরচে আব্দুস শুকুর খানকে আইনজীবী নিয়োগ দেয় ট্রাইব্যুনাল।
এরপর ১১ নভেম্বর যুদ্ধাপরাধের ছয় ঘটনায় অভিযোগ গঠনের মধ্য দিয়ে হাসান আলীর বিচার শুরু করে ট্রাইব্যুনাল।
গতবছর ৭ ডিসেম্বর থেকে চলতি বছর ৩১ মার্চ পর্যন্ত আসামির অনুপস্থিতিতেই মামলার সাক্ষ্যগ্রহণ চলে। প্রসিকিউশনের পক্ষে সাক্ষ্য দেন তদন্ত কর্মকর্তা হরি দেবনাথসহ ২৬ জন। পলাতক হাসান আলীর পক্ষে কোনো সাফাই সাক্ষী ছিলেন না।
দুই পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে বিচারক মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি) রাখেন।
