হাসান আলীর রায় ১২৫ পৃষ্ঠার
কিশোরগঞ্জের ‘রাজাকার’ পলাতক সৈয়দ মো. হাসান আলীর যুদ্ধাপরাধ মামলায় রায় লেখা হয়েছে ১২৫ পৃষ্ঠায়, যাতে তাকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিম মঙ্গলবার বেলা সোয়া ১১টায় রায়ের প্রারম্ভিক বক্তব্য পড়া শুরু করেন।
ট্রাইব্যুনালের অপর দুই সদস্য বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মো. আনোয়ারুল হকও আদালতে উপস্থিত ছিলেন।
আসামি পলাতক থাকায় তাকে আদালতে হাজির করার কোনো বিষয় এদিন ছিল না। তিন বিচারক বেলা ১১টা ১০ এ এজলাসে এলেও আসামিপক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী আব্দুস শুকুর খান তখনও উপস্থিত না হওয়ায় রায় পড়া শুরু করতে বিলম্ব হয়।
ট্রাইব্যুনালের চেয়ারম্যান প্রসিকিউশনের কাছে আসামিপক্ষের আইনজীবীর বিষয়ে জানতে চান। প্রসিকিউশনের পক্ষ থেকে আদালতকে বলা হয়, শুকুর খান ‘পথে আছেন’।
পরে তার অনুপস্থিতিতেই প্রারম্ভিক বক্তব্য শুরু করেন বিচারপতি এম ইনায়েতুর রহিম। আইনজীবী শুকুর খান আদালতে হাজির হন মিনিট দশেক পর।
বিচারপতি এম ইনায়েতুর রহিম প্রারম্ভিক বক্তব্যে বলেন, “আসামির অনুপস্থিতি হতাশাজনক। তার উপস্থিতিতে বিচার হলে আসামি আত্মপক্ষ সমর্থনের সুযোগ পেত এবং বিচারের গ্রহণযোগ্যতা বাড়তো।”
বিচারক বলেন, যুদ্ধাপরাধ মামলার বিচারে গঠিত এ ট্রাইব্যুনালের রায়ের ‘দুর্বলতা বা ব্যর্থতা নিয়ে গবেষণার’ সুযোগ নেই।
“কিন্তু আপনারা যারা মামলার সঙ্গে সংশ্লিষ্ট। তাদের এ বিষয়ে চিন্তা-ভাবনা করার, দুর্বলতাগুলো খুঁজে বের করার সুযোগ আছে। এটা কেবল সুযোগ নয়, আপনাদের দায়িত্বও বটে।”
আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইনের তিন নম্বর সেকশনে বিভিন্ন অপরাধের সঙ্গে ‘ইনহিউম্যান অ্যাক্টস’ এর কথা বলা হলেও তার ব্যাখ্যা নেই। এই রায়ে তার ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছে আদালত।
রায়ে বলা হয়, আসামির বিরুদ্ধে প্রসিকিউশনের আনা ছয়টি অভিযোগের মধ্যে পাঁচটি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে।
এর মধ্যে তৃতীয় ও চতুর্থ অভিযোগে গণহত্যা, হত্যা, অপহরণ, আটকে রাখা এবং দেশত্যাগে বাধ্য করার মতো অপরাধের দায়ে হাসান আলীকে দেওয়া হয় মৃত্যুদণ্ড।
দ্বিতীয়, পঞ্চম ও ষষ্ঠ অভিযোগে অপহরণ, নির্যাতন, হত্যা ও লুটপাটে জড়িত থাকার দায়ে আসামিকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে আদালত। আর অপরাধে সংশ্লিষ্টতা প্রমাণিত না হওয়ায় প্রথম অভিযোগ থেকে হাসান আলীকে খালাস দেওয়া হয়।
রায়ে বিচারক বলেন, “সার্বিক ঘটনাপ্রবাহ বিবেচনা করে আমরা একমত হয়েছি যে, মৃত্যুদণ্ড দেওয়া হলেই সৈয়দ হাসান আলীর অপরাধের সুবিচার সম্ভব।”
ফৌজদারী কার্যবিধির ৩৬৮ ধারা অনুযায়ী আমৃত্যু ফাঁসিতে ঝুলিয়ে অথবা ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ৩৪ (ক) ধারা অনুযায়ী মৃত্যু পর্যন্ত গুলি চালিয়ে আসামির মৃত্যুদণ্ড কার্যকর করতে বলা হয়েছে এ রায়ে।
গতবছর ১১ নভেম্বর হাসান আলীর বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে এ মামলার বিচার কাজ শুরু হয়। আসামির অনুপস্থিতিতেই এ মামলার কার্যক্রম চলে।
ট্রাইব্যুনালের প্রসিকিউটর আবুল কালাম আজাদ গতবছর ২১ অগাস্ট হাসান আলীর বিরুদ্ধে অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করেন। ২৪ আগস্ট ট্রাইব্যুনাল তা আমলে নেয়।
পরোয়ানা জারির পরও পুলিশ হাসান আলীকে গ্রেপ্তার করতে না পারায় ট্রাইব্যুনালের আদেশে তাকে হাজির হওয়ার নির্দেশ দিয়ে দুটি জাতীয় দৈনিকে বিজ্ঞাপন দেয় প্রসিকিউশন। তাতেও তিনি হাজির না হওয়ায় বিচারক আসামিকে পলাতক ঘোষণা করে বিচারিক কার্যক্রম চালিয়ে যাওয়ার নির্দেশ দেন।
