ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড বিশেষ ক্ষমতা আইনে
যুদ্ধাপরাধ মামলার বিচারে প্রথম আসামি হিসাবে কিশোরগঞ্জের রাজাকার কমান্ডার পলাতক হাসান আলীকে ফাঁসিতে ঝুলিয়ে অথবা মৃত্যু পর্যন্ত গুলি চালিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করতে বলেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ মঙ্গলবার এই রায় ঘোষণা করে। এ ট্রাইব্যুনালের অপর দুই বিচারক হলেন বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মো. আনোয়ারুল হক।
বাংলাদেশে ফৌজদারী মামলায় সর্বোচ্চ দণ্ডের রায় ফায়ারিং স্কোয়াডে কার্যকরের কোনো নজির নেই। সব সময় ফাঁসিকাষ্ঠ ঝুলিয়েই মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।
এর আগে বঙ্গবন্ধু হত্যা মামলায় বিচারিক আদালতের রায়ে আসামিদের মৃত্যুদণ্ড ফায়ারিং স্কোয়াডে কার্যকরের নির্দেশ দেওয়া হলেও সর্বোচ্চ আদালতের রায়ের পর পাঁচজনকে ফাঁসিতেই ঝোলানো হয়।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঁচ বছর আগে মানবতাবিরোধী অপরাধের বিচার শুরুর পর এ পর্যন্ত আসা ১৯টি মামলার রায়ে মোট ১৪ জনের মৃত্যুদণ্ডের রায় হয়েছে। তবে এই প্রথম ফাঁসির বিকল্প হিসাবে গুলির কথা উল্লেখ করেছেন বিচারক।
রায়ে বলা হয়, “সার্বিক ঘটনাপ্রবাহ বিবেচনা করে আমরা একমত হয়েছি যে, মৃত্যুদণ্ড দেওয়া হলেই সৈয়দ হাসান আলীর অপরাধের সুবিচার সম্ভব।”
পর্যবেক্ষণে বিচারক বলেন, ১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইনে মৃত্যুদণ্ড কার্যকরের ক্ষেত্রে সুনির্দিষ্ট কোনো প্রণালীর উল্লেখ নেই। কিন্তু ফৌজদারী কার্যবিধির ৩৬৮ ধারায় আমৃত্যু ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের কথা বলা হয়েছে। আর ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ৩৪ (ক) ধারায় ফাঁসিতে ঝুলিয়ে অথবা মৃত্যু পর্যন্ত গুলি চালিয়ে দণ্ড কার্যকর করার কথা বলা হয়েছে।
“সুতরাং আমাদের বিচারে দেখা যাচ্ছে, ফাঁসিতে ঝুলিয়ে অথবা অভিযুক্তের মৃত্যু না হওয়া পর্যন্ত গুলি চালিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা যেতে পারে।”
মুক্তিযুদ্ধের সময় কিশোরগঞ্জের তাড়াইল থানার রাজাকার কমান্ডার হাসান আলীর মৃত্যুদণ্ডের রায় এসেছে প্রসিকিউশনের আনা ছয়টি অভিযোগের মধ্যে তৃতীয় ও চতুর্থটিতে; গণহত্যা, হত্যা, অপহরণ, আটকে রাখা এবং দেশত্যাগে বাধ্য করার মতো অপরাধের দায়ে।
দ্বিতীয়, পঞ্চম ও ষষ্ঠ অভিযোগে অপহরণ, নির্যাতন, হত্যা ও লুটপাটে জড়িত থাকার দায়ে আসামিকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে আদালত। আর অপরাধে সংশ্লিষ্টতা প্রমাণিত না হওয়ায় প্রথম অভিযোগ থেকে হাসান আলীকে খালাস দেওয়া হয়েছে।
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এর আগে বাংলাদেশে ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড কার্যকরের কোনো উদাহরণ নেই। বঙ্গবন্ধু হত্যা মামলায় আসামিদের ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড কার্যকর করতে বলা হলেও হাই কোর্টে তা বহাল থাকেনি।”
তবে ওই মামলা ফৌজদারী আইনে হওয়ায় দণ্ড কার্যকরের ক্ষেত্রে কারাবিধি অনুসরণের বিধান ছিল, যা আন্তর্জাতিক অপরাধ টাইব্যুনালের মামলার ক্ষেত্রে প্রযোজ্য নয়।
“আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে বলা আছে, সরকারের নির্দেশমতো রায় কার্যকর হবে। আমি আগেই বলেছি, এখানে জেল কোডের কোনো বিষয় নেই।”
আইন অনুযায়ী রায় ঘোষণার ৩০ দিনের মধ্যে হাসান আলী গ্রেপ্তার হলে বা আত্মসমর্পণ করলে উচ্চ আদালতে আপিল করতে পারবেন। ওই সময় পেরিয়ে গেলে আসামি আর আপিল করার সুযোগ পাবেন না বলে অ্যাটর্নি জেনারেল জানান।
