হাসান আলীর রায়ে প্রসিকিউশনের সন্তোষ
মানবতাবিরোধী অপরাধের দায়ে কিশোরগঞ্জের রাজাকার কমান্ডার সৈয়দ মো. হাসান আলীর মৃত্যুদণ্ডের রায়ে সন্তোষ প্রকাশ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন।
মঙ্গলবার রায়ের পর প্রসিকিউটর মোহাম্মদ আলী সাংবাদিকদের বলেন, “ফাঁসি অথবা ফায়ারিং স্কোয়াডে হাসান আলীর মৃত্যুদণ্ড কার্যকর করতে বলা হয়েছে। এ রায়ে আমরা সন্তোষ প্রকাশ করছি।”
দেশের স্বাধীনতাযুদ্ধের সময় কিশোরগঞ্জে হত্যা, গণহত্যা, অপহরণ, লুটপাটের মতো যুদ্ধাপরাধের দায়ে তখনকার রাজাকার কমান্ডার পলাতক সৈয়দ মো. হাসান আলীকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিম মঙ্গলবার এ মামলার রায় ঘোষণা করেন।
প্রসিকিউশনের আনা ছয়টি অভিযোগের মধ্যে পাঁচটি সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত হাসান আলীর সর্বোচ্চ সাজার আদেশ দেয়।
মোহাম্মদ আলী জানান, গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলেও পুলিশ এখনও হাসান আলীকে গ্রেপ্তার করতে পারেনি।
তিনি বলেন, “মুক্তিযুদ্ধের সময় রাজাকার কমান্ডার হাসান আলীর টার্গেটই ছিল হিন্দু সম্প্রদায়কে নিঃশেষ করা। স্থানীয় শান্তি কমিটির নেতার ছেলে হাসান আলী একাত্তরে মুক্তিযুদ্ধের সময় ছিলেন কিশোরগঞ্জের তাড়াইল থানার রাজাকার কমান্ডার।”
