পথ চেয়ে স্বজনরা
ভাগ্য বদলের আশায় যে মানুষগুলো হয়েছিলেন নিখোঁজ, তাদের ফিরে আসার খবরে উদ্বেল স্বজনরা। অবশ্য বেশিরভাগ জানেন না কাছের মানুষটি কি ফিরে এসেছেন, নাকি দীর্ঘ হবে এই অপেক্ষা।
‘স্বপ্নের মালয়েশিয়া’ যেতে তারা বেছে নিয়েছিলেন সাগর পথ।
মিয়ানমার উপকূল থেকে উদ্ধার হওয়া এমনই দেড়শ বাংলাদেশি সোমবার ফিরে এসেছেন। খবর পেয়ে দুপুরের পর কক্সবাজার সদরে ভিড় করেছেন স্বজনরা।
কক্সবাজারের উখিয়া পালংখালী থেকে কক্সবাজার সদরে আসা মোহাম্মদ শাহজাহান তাদেরই একজন। এসেছেন তার বড়ভাইয়ের ছেলে মোহাম্মদ মিজানের (২৪) খোঁজে।
তিনি জানান, তারা শুনেছেন দুপুরে ঘুমধুম সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে ফেরত আসা দেড়শ জনের মধ্যে তার ভাতিজা রয়েছে, যাদের কক্সবাজার জেলা পুলিশ এনে রেখেছে সদরের কলাতলীতে অবস্থিত সাংস্কৃতিক কেন্দ্রে।
সমুদ্রপথে মালয়েশিয়া যেতে গিয়ে মিজান আড়াইমাস আগে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। বেঁচে আছে কি মরে গেছে তার কোনও তথ্যই ছিল না পরিবারের সদস্যদের কাছে।
সোমবার সন্ধ্যায় শাহজাহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মিজান উখিয়ায় ডায়মন্ড হ্যাচারি নামে একটি প্রতিষ্ঠানে চাকরি করত। প্রায় আড়াই মাস আগে ভাল চাকরির আশায় মালয়েশিয়া যাওয়ার জন্য ঘর ছাড়ে সে।
তিনি জানান, সে স্থানীয় এক দালালের মাধ্যমে এক লাখ ৮০ হাজার টাকা দিয়ে মালয়েশিয়া যাওয়ার চুক্তি করে। তবে ঘর ছাড়ার সময় এক টাকাও পরিশোধ করেনি।
নানাভাবে খোঁজ নেওয়ার চেষ্টা করেও কোন সন্ধান মেলেনি মিজানের। এই আড়াইমাস এক প্রকার নির্ঘুমই কেটেছে তার পরিবারের সদস্যদের।
শাহজাহান বলেন, “তিন দিন আগে মিজান মিয়ানমার থেকে ফোন করে জানায় সে কয়েকদিনের মধ্যে দেশে ফিরবে। তাকে দেখার জন্যই কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে এসেছি।”
শাহজাহানের মতো দুই মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ ছোটভাই নাজিম উদ্দিনকে (২২) নিয়ে যেতে অপেক্ষায় মহেশখালী উপজেলার কালারমার ছড়া ইউনিয়নের মোহাম্মদ হাশেম।
তিনি বলেন, “কোরআনে হাফেজ নাজিম মালয়েশিয়া যাবে বলে দুইমাসেরও বেশি সময় আগে বাড়ি থেকে আট হাজার টাকা নিয়ে বের হয়। এরপর আর কোন খোঁজ পাইনি।”
“তিন দিন আগে বার্মা থেকে ফোন করে নাজিম জানায় সে বেঁচে আছে এবং বাংলাদেশ সরকার তাদের দেশে ফিরিয়ে আনবে।”
দুপুরে মিয়ানমার থেকে ফিরিয়ে আনার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের কক্সবাজার জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে সন্ধ্যায় ওই দেড়শ জনকে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে নিয়ে আসা হয়।
বাইরে স্বজনরা ভিড় জমালেও কারও সঙ্গে কথা বলতে দেওয়া হয়নি তাদের।
বড়ভাই হামিদুল হকের (৩০) খোঁজে জেলার চকরিয়ার খুটাখালী থেকে এসেছেন ইসমাইল মোহাম্মদ।
দুইমাস আগে পেশায় চাষি হামিদুল মালয়েশিয়া যাবে বলে ঘর ছাড়লেও আর ফেরেনি। ইসমাইলের আশা ফেরত আসা দেড়শ বাংলাদেশির মধ্যে তার ভাইও রয়েছে।
দুই বছর আগে মালয়েশিয়া যাবে বলে ঘরছাড়া দুইভাই রিয়াজ ও ইউনূসের খোঁজে এসেছেন কক্সবাজার সদর এলাকার বাসিন্দা মোহাম্মদ ইলিয়াস।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কক্সবাজারের মানবপাচারকারী নাগু মাঝির মাধ্যমেই মালয়েশিয়া পাড়ি দেয় দুইভাই। দুই বছর ধরে তাদের খোঁজ নেই। জানি না বেঁচে আছে কি না। মন মানে না, তারপরও এসেছি খোঁজ নিতে।”
তারা উদগ্রীব বাড়ি ফিরতে
স্বজনদের ছেড়ে অজানা সাগরে পাড়ি জমালেও মিয়ানমার উপকূল থেকে ফিরে আসার পর এখন বাড়ি ফিরতে উদগ্রীব ১৫০ বাংলাদেশি।
সোমবার দুপুরে ঘুমধুমের বাংলাদেশ-মিয়ানমার মৈত্রী সেতু দিয়ে বিজিবি তাদের ফিরিয়ে আনলেও জিজ্ঞাসাবাদ ও আইনি প্রক্রিয়া শেষ হওয়ার আগে তাদের বাড়ি ফেরা হচ্ছে না।
দেশে ফেরার পর থেকে তাদের কাছে কোনো সাংবাদিককে ভিড়তে দেয়নি দেয়নি বিজিবি। পুলিশ কর্মকর্তারাও এ বিষয়ে মুখ খুলতে নারাজ।
উদ্ধার এসব ব্যক্তিদের সেবা দিচ্ছে ‘আন্তর্জাতিক অভিবাসন সংস্থা’ (আইওএম)। সংস্থার ন্যাশনাল প্রোগ্রাম অফিসার আসিফ মুনীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, যারা ফিরে এসেছেন তাদের মধ্যে স্বস্তির ভাব রয়েছে।
“দীর্ঘদিন তারা সমুদ্রে ছিল। আমাদের ধারণা, প্রায় দুই মাস। স্বজনদের কাছে ফিরতে তারা উদগ্রীব। তাদের এখন মানসিক সেবা ও চিকিৎসা দেওয়া হচ্ছে। শোয়ার জন্য মেট-বালিশের ব্যবস্থাও করা হয়েছে।”
দুপুরে ফেরত আনার পর বিজিবির পক্ষ থেকে ঘুমধুম উচ্চ বিদ্যালয়ে এই দেড়শ জনকে খাবার দেওয়া হয়। এরপর বিজিবি তাদের হস্তান্তর করে পুলিশের কাছে। তখন তাদের ঠাঁই মেলে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে।
১৫০ জনের মধ্যে তিনজনকে আলাদা করে রেখেছে পুলিশ।
এ বিষয়ে জেলা গোয়েন্দা পুলিশের নাম প্রকাশে অনিচ্ছুক এক পরিদর্শক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তিন জনের মধ্যে একজন কক্সবাজারের বাসিন্দা। সে মানবপাচারে দালাল হিসেবে কাজ করে বলে তথ্য পেয়েছি।
“অন্য দু’জনের বিরুদ্ধে অস্ত্রমামলাসহ কয়েকটি মামলা আছে। তাদের জিজ্ঞাসাবাদের জন্য আলাদা করা হয়েছে।”
বাকি ১৪৭ জনের কাছে পুলিশ জানতে চাইবে- কীভাবে, কার মাধ্যমে, কোন জায়গা থেকে এবং কতদিন আগে তারা সাগর পথে রওনা হয়েছিল।
কক্সবাজার জেলা পুলিশের এসপি শ্যামল কুমার নাথ বলেন, “আইনগত কিছু প্রক্রিয়া আছে। সেসব শেষ করেই তাদের নিজ নিজ বাড়িতে পাঠানোর উদ্যোগ নেওয়া হবে।”
আসিফ মুনীর বলেন, দেশের ১৭টি জেলার এই দেড়শ জন উদ্ধারের পর আইওএম’র মিয়ানমার শাখা এবং ইউএনএইচসিআর তাদের সহযোগিতা করে। উদ্ধারের সময় তারা অবসাদগ্রস্ত ও দুর্বল ছিল।
সোমবার ফেরত আসা দেড়শজনের মধ্যে কক্সবাজারসহ ১৭টি জেলার বাসিন্দা রয়েছেন।
এদের মধ্যে নরসিংদীর ৫৬ জন, কক্সবাজারের ২৯, ঝিনাইদহের ১২, টাঙ্গাইলের ৩, চট্টগ্রামের ৮, চুয়াডাঙ্গার ৪, নারায়ণগঞ্জের ২, সুনামগঞ্জের ৪, ব্রাক্ষণবাড়িয়ার ৬, বান্দরবানের ৯, কুমিল্লার ১, চাঁদপুরের ১, রাজবাড়ির ২, যশোরের ২, পাবনার ৫, হবিগঞ্জের ১, বাগেরহাটের ৪ এবং নাটোরের একজন রয়েছেন।
(এই প্রতিবেদনের ছবিগুলো তুলেছেন সুমন বাবু)
